
নিউজ ডেস্ক : রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়ির জঙ্গি আস্তানায় চালানো ‘অপারেশন স্ট্রম-২৬’ আইন-শৃঙ্খলা বাহিনীর ঘুরে দাঁড়ানোর অভিযান ছিল বলে জানিয়েছেন সিটিটিসি ইউনিটের প্রধান ডিআইজি মনিরুল ইসলাম। আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামীকাল ‘অপারেশন স্ট্রম-২৬’ এর এক বছর পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকদের মনিরুল ইসলাম বলেন, ‘অপারেশন স্ট্রম-২৬ ছিল বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর ঘুরে দাঁড়ানোর এক টার্নিং পয়েন্ট। হলি আর্টিজানের ঘটনার পর দেশে আরও জঙ্গি হামলার কিছু তথ্য পাওয়া গিয়েছিল। সেখানের তথ্যের সূত্র ধরেই কল্যাণপুরে অভিযান পরিচালিত হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য ছিল যে, জঙ্গিরা খুব দ্রুত ৩/৪টি জায়গায় বড় ধরনের হামলা চালাতে পারে। এ তথ্য পেয়েই জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে কল্যাণপুরে অভিযান চালানো হয়।’
সিটিটিসি ইউনিটের প্রধান আরও বলেন, ‘হলি আর্টিজনের ঘটনার পর গোটা দেশ বিব্রতকর অবস্থায় পড়ে। বিদেশিরা ছাড়াও সারাদেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পরে, কি হতে পারে? এর মধ্যে কল্যাণপুরের অভিযানের মাধ্যমে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করতে পারায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। আমরা জঙ্গিদের আরও হামলার পরিকল্পনা রুখে দিতে সক্ষম হই। এই অভিযানের মাধ্যমে হাই প্রোফাইন কয়েকজন জঙ্গি মারা যায়। তাই এ অভিযান ছিল গুরুত্বপূর্ণ।’ ডিএমপির অতিরিক্ত এ কমিশনার বলেন, ‘জঙ্গিদের আরও যেসব হামলার পরিকল্পনা ছিল তা যদি তারা করতে পারতো তাহলে তারা বাংলাদেশকে একটি জঙ্গি ও অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে পারতো বলে জঙ্গিদের ধারণা ছিল। হলি আর্টিজনে হামলার পর জঙ্গিদের মধ্যে ধারণা ছিল, আইন-শৃঙ্খলা বাহিনী তাদের সঙ্গে সহজে পেরে উঠবে না। তাই হামলার পরিকল্পনা বাস্তবায়নে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় তামিমের নেতৃত্বে ঘর ভাড়া নেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘ওই অভিযানে মারা যায় ৯ জন জঙ্গি এবং রাকিবুল হাসান রিগ্যান নামের একজনকে জীবিত আটক করা হয়। এ ঘটনার মামলায় আরও ৯ জনকে এজহারভুক্ত আসামি করা হয়েছিল। তাদের মধ্যে- তামিম আহমেদ চৌধুরী ও সারওয়ার জাহান মানিক পরবর্তীতে পৃথক জঙ্গি বিরোধী অভিযানে মারা যায়। এ মামলার তদন্ত করতে গিয়ে আরও কয়েজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে- সালাউদ্দিন কামরান, ইঞ্জিনিয়ার আবদুর রউফ প্রধান, শায়েখ আবুল কাশেম ওরফে বড় হুজুর, আহমেদ আজওয়ার ইমতিয়াজ ওরফে অনি ও রাকিবুল হাসান রিগ্যান। এদের মধ্যে রিগ্যান, আবদুর রউফ প্রধান ও সালাউদ্দিন কামরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’ মামলার তদন্ত কবে শেষ হবে এবং চার্জশিট কবে দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে সিটিটিসির প্রধান বলেন, ‘মাত্র ১০/১২ দিন আগে কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির ময়না তদন্তের প্রতিবেদন পেয়েছি। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। তদন্ত শেষ পর্যায়ে এবং যারা পলাতক আছে তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। যত দ্রুত সম্ভব আমরা চার্জশিট দেব।’