
নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র সাদিকুল ইসলাম মিলন প্রায় দু'মাস নিখোঁজ থাকার পর গতকাল রোববার (২৩ জুলাই) নিজ বাড়িতে ফিরে এসেছেন। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন মিলনের মা মেরিনা বেগম ও তার সহপাঠীরা। এ বিষয়ে মিলনের বন্ধু শুভ বলেন, ‘গত রোববার সকাল দশটার দিকে মিলন বান্দরবান থেকে আমাকে ফোন দেয় এবং বাড়িতে ফোন দিয়ে টাকা চায়। পরে তাকে টাকা পাঠিয়ে তার বোনের বাসা গাজীপুরে আসতে বলা হয়। সে রাত ৮টার দিকে গাজীপুরে পৌঁছে। এখন সে তার বোনের বাসা গাজীপুরেই আছে। তবে আমার সাথে তার সর্বশেষ কথা হয়েছে রাত ৯টার দিকে।’
মিলনের মা মেরিনা বেগম বলেন, ‘আমার ছেলে হাত পা বাঁধা অবস্থায় বান্দরবানে ছিল। সেখান থেকে আমাদের ফোন দিয়ে টাকা চাইলে টাকা পাঠাই এবং গাজীপুরে আসতে বলি। এখন সে আমার সাথে আছে। আমরা এখন ডিবি কার্যালয়ে গিয়ে সেখানে থেকে মোহাম্মদপুরের বাসা যাবো।’ মিলন এতো দিন কোথায় ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ছেলে কিছুই বলতে পারছে না। কিছুই তার মনে নেই। তাকে চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে গেয়েছিল।’ এ বিষয়ে জানতে চাইলে জবি প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, ‘আমাকে তার কয়েকজন সহপাঠী বলেছে যে মিলন ফিরে এসেছে কিন্তু আমি এখনও তাকে দেখিনি। তাই শতভাগ নিশ্চিত না হয়ে বলতে পারছি না।’
গত ২৩ মে রাতে মোহাম্মদপুরের আদাবর থানার ৫ নম্বর সড়কের ৭ নম্বর বাড়ি থেকে কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে মিলনকে তুলে নিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজির পরও না পেয়ে পরদিন মিলনের পরিবার আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ দিকে জবি ছাত্র মিলনের সন্ধানের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছিল বিভাগের শিক্ষার্থীরা। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনকারীদের বলছিলেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। সর্বশেষ ডিএমপি কমিশনারের কাছেও তার সন্ধান চেয়ে চিঠি দিয়েছিল কর্তৃপক্ষ।