
আন্তর্জাতিক ডেস্কঃ জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। এ ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো দূতাবাস ঘিরে রেখেছে।নিহত ওই ব্যক্তি জর্ডানের নাগরিক। আর আহতদের মধ্যে একজন ইসরায়েলি ও অপরজন জর্ডানের নাগরিক।সুত্র জানিয়েছে, গতকাল রবিবার এ ঘটনার পর দূতাবাস ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কর্মীদের সরিয়ে নিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
তবে কী থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে সে বিষয় এখনও স্পষ্ট নয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। পুলিশের বরাত দিয়ে এতে আরো বলা হয়, গুলিবর্ষণের আগে একটি আসবাব কম্পানির দুই কর্মী (জর্ডানের নাগরিক) সেখানে ঢুকেছিলেন।এদিকে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।উল্লেখ্য, ১৯৯৪ সালে চুক্তির পর থেকে জর্ডান ও ইসরাইলের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক। কিন্তু সম্প্রতি জেরুজালেমের বিখ্যাত মসজিদ হারাম-আল-শরিফে মেটাল ডিটেক্টর স্থাপনের ঘটনায় জর্ডানবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে।