
নিউজ ডেস্কঃ বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলা প্রত্যাহার করা হয়েছে।মামলা প্রত্যাহারের জন্য আজ রোববার আদালতে আবেদন করেন ওই মামলার বাদী আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সৈয়দ ওবায়েদুল্লাহ। শুনানি শেষে বরিশালের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম অমিত কুমার দে ওই আবেদন মঞ্জুর করেন।পরে ওই মামলা খারিজ করে দেন।শুনানিতে মামলার বাদী ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়েদুল্লাহর কাছে আদালত জানতে চান, তিনি কেন মামলা প্রত্যাহারের আবেদন করেছেন?
জবাবে ওবায়েদুল্লাহ বলেন, শিশুর আঁকা বঙ্গবন্ধুর ‘বিকৃত’ ছবি ছাপানোর বিষয়টি নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল।পরে মূল ছবি দেখে ভুলের অবসান হয়েছে।এ কারণে মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বিকৃত’ ছবি (পঞ্চম শ্রেণির এক শিশুর আঁকা ছবি) ছাপানোর অভিযোগে ইউএনও তারিক সালমনের বিরুদ্ধে গত ৭ জুন বরিশাল মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন ওবায়েদুল্লাহ।