
নিউজ ডেস্ক : আগামীকাল এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল প্রকাশে সম্মতি দেয়ায় এ দিন নির্ধারণ করা হয়। এদিন সকালে প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করা হবে। পরে শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ফল প্রকাশের ঘোষণা দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহাবুবুর রহমান বলেন, ২৩ জুলাই ফল প্রকাশের ব্যাপারে আমরা মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেয়েছি। এখন সে অনুযায়ী চুড়ান্ত প্রস্তুতি চলছে।
উল্লেখ্য এবার নজিরবিহীন সতর্কতার মধ্য দিয়ে ১ এপ্রিল থেকে চলতি সালের পরীক্ষাসমুহ শুরু হয়েছিল। দেশের ১০ শিক্ষা বোর্ডের অধীনে এবছর সর্বমোট ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের লিখিত পরীক্ষা শেষ হয় ১৫ মে। ব্যবহারিকসহ পরীক্ষা শেষ হয় ২৫ মে। এবারের এসএসসি পরীক্ষার ফল লিখিত পরীক্ষা শেষ হওয়ার দিন থেকে ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। কিন্তু এইচএসসির ফল ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার দিন থেকে দুই মাসের মধ্যে প্রকাশ করা হচ্ছে।