
নিউজ ডেস্কঃ মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। খবরে বলা হয়েছে,দিনভর মালয়েশিয়ার বিমানবন্দরে বসিয়ে রাখার পর গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তাকে। অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদশের স্থানীয় সময় রাত দশটায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে। এর আগে মানবাধিকার সংগঠন ফোরাম এশিয়া জানায়,তাদের সংস্থার ভাইস চেয়ারম্যান আদিলুর রহমান খানকে কুয়ালালামপুর বিমানবন্দরে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। নাসির উদ্দিন এলান অবশ্য জানিয়েছেন,আটক নয়, আদিলুর রহমানকে সেখানে ঢুকতে দেয়া হয়নি বলে তারা খবর পেয়েছেন। এবং খবর পেয়ে স্থানীয় মানবাধিকার আইনজীবীরা সেখানে ছুটে যান।
প্রসঙ্গত,আদিলুর রহমান মানবাধিকার বিষয়ক একটি কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গিয়েছিলেন। ফোরাম এশিয়া গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে অবিলম্বে আদিলুর রহমান খানের অবিলম্বে মুক্তিও দাবি করেছিল। সংগঠনের মালয়েশিয়া শাখার একজন কর্মকর্তা চিউ চুয়ান ইয়াং জানিয়েছেন, ইমিগ্রেশন পুলিশ আদিলুর রহমানকে আটকে রাখার তথ্য নিশ্চিত করেছে। কিন্তু এর কোন কারণ জানায়নি।