
রুয়ান্ডা বাংলাদেশ থেকে তৈরি পোশাক,ওষুধ ও পাটজাত পণ্য আমদানি করবে। নয়াদিল্লীতে নিযুক্ত রুয়ান্ডার রাষ্ট্রদূত আর্নেস্ট রামুকো আজ বৃহস্পতিবার ঢাকায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠককালে তিনি তার দেশের সরকারের এ সিদ্ধান্তের কথা জানান। রাষ্ট্রদূত বলেন,বাংলাদেশের তৈরি পণ্য বিশ^বাজারে বেশ জনপ্রিয়। এ দেশের তৈরি পোশাক,ওষধ ও পাটজাত পণ্যের প্রচুর চাহিদা রয়েছে রুয়ান্ডায়। তুলনামূলক দামও কম। তিনি বলেন,বাংলাদেশ থেকে এ সকল পণ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে রুয়ান্ডা সরকার। এ বিষয়ে বাংলাদেশ সরকার সহযোগিতা করলে দ্রুত এ সকল পণ্য আমদানি করা সম্ভব হবে বলে তিনি জানান।
সচিবালয়ের নিজ দফতরে অনুষ্ঠিত ওই বৈঠকে তোফায়েল আহমেদ বলেন,দেশের রফতানি পণ্য এবং বাজার সম্প্রসারণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। বিশ^বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, তথ্য প্রযুক্তি, ফার্নিচার ও পাটজাত পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। বাংলাদেশ এ সকল বিশ^মানের পণ্য তুলনামূলক কম দামে রফতানি করছে। রাষ্ট্রদূত তৈরি পোশাক,ওষুধ ও পাটজাত পণ্য বাংলাদেশ থেকে আমদানির করার কথা জানালে বাণিজ্যমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে দু’দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। উভয় দেশের আমদানি ও রফতানিকারকদের পারস্পরিক দেশ সফরের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ সরকার এক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে তিনি জানান। বৈঠকে বাণিজ্য সচিব শুভাশীষ বসু উপস্থিত ছিলেন।