
নিউজ ডেস্কঃ অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, নারাযণগঞ্জের সাত খুনের ঘটনা ছিলো পূর্ব পরিকল্পিত। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তারা সকলেই ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে তারা নিজের হাতে আইন তুলে নিয়েছেন। অথচ তাদের দায়িত্ব ছিল সাধারণ নাগরিকদের জীবনের নিরাপত্তা দেওয়ার। কিন্তু তারা সেটি না করে নিরীহ সাতজনকে পরিকল্পিতভাবে খুন করে লাশ নদীতে ফেলে দিয়েছেন। এর মত চাঞ্চল্যকর হত্যাকান্ড আর হতে পারে না। সাত খুন মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টে এসব কথা বলেন। বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বুধবার এ শুনানি গ্রহন করেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন,এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল র্যাতবের উচ্চ পদস্থ কিছু কর্মকর্তা। যারা সেনা,নৌ ও বিমান বাহিনী থেকে এই বাহিনীতে এসেছিল। রাষ্ট্রপক্ষের সাক্ষীরা আদালতে দেয়া জবানবন্দিতে ওই হত্যাকাণ্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। ওইসব তথ্যে দণ্ডপ্রাপ্ত আসামিদের সংশ্লিষ্টতার বিষয়টি স্পষ্ট হয়েছে। এ কারণেই বিচারিক আদালত তাদেরকে সর্বোচ্চ সাজা দিয়েছে।
নিহত কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলামের জবানবন্দি আদালতে তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন,সাতজন ব্যক্তিকে অপহরণের পর শহীদুল ইসলাম ও নজরুলের স্ত্রী নারায়ণগঞ্জ র্যাীব অফিসে যান। সেখানে গিয়ে নজরুলকে উদ্ধারে র্যা ব-১১ এর তৎকালীন কমান্ডিং অফিসার তারেক সাঈদের হস্তক্ষেপ কামনা করেন। কিন্তু তারেক সাঈদ কোন ধরনের আশ্বাস না দিয়ে তাদেরকে বলেছিলেন স্থানীয় এমপির ওখানে গিয়ে নজরুলের খোঁজ করেন। এতেই প্রমাণিত হয় যে তারেক সাঈদ এ ঘটনায় জড়িত। কারণ অপরাধীদের মানসিকতা হচ্ছে অপরাধ করে দোষ অন্যের ঘাড়ে চাপানো। যদি তারেক জড়িতই না থাকতেন তাহলে শহীদুলকে বলতে পারতেন ধৈর্য্য ধরেন,আমরা চেষ্টা করছি। অ্যাটর্নি জেনারেল বলেন,তারেক র্যা্ব-১১ সিইও ছিলেন। তার অধীনস্থরা এত বড় হত্যাকাণ্ড সংঘটিত করবে আর তিনি জানবেন না এটা অবিশ্বাস্য। ফলে তারেককে এ ঘটনার দায় থেকে রেহাই দেওয়ার কোন সুযোগ নেই। এ সময় অ্যাটর্নি জেনারেলকে শুনানিতে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল ও সহকারি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম,আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় গত বছরের ১৬ জানুয়ারি সেনাবাহিনীর বরখাস্তকৃত লে.কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ,সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং নয় জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয়। মৃত্যুদণ্ড নিশ্চিতকরণে বিচারিক আদালত থেকে ডেথ রেফারেন্সের নথি ও কারাগার থেকে আসামিদের আপিল হাইকোর্টে আসার পর মামলাটি দ্রুত শুনানির জন্য অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুত করা হয়। গত ২২ মে থেকে পেপারবুক পাঠের মধ্য দিয়ে হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়।