
নিউজ ডেস্কঃ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কয়েকটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ডিজিটাল ভোটিং মেশিন (ডিভিএম) ব্যবহারের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।আগারগাঁয়ে নির্বাচন ভবনে আসন্ন নির্বাচন বিষয়ে আজ এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশন সচিবালয়ে সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এক বা একাধিক ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ডিভিএম ব্যবহার করা যায় কি না। এ বিষয়ে আমরা কাজ করব। সম্ভাব্যতা যাচাই করে অন্তত এক বা একাধিক ওয়ার্ডে সেটা করার চেষ্টা করবো।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।নির্বাচন কমিশন ডিসেম্বরের শেষ সপ্তাহে এই নির্বাচন করার পরিকল্পনা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘ডিসেম্বর মাসের শেষার্ধে অর্থাৎ ওই মাসের সেকেন্ড উইকের পর রংপুর সিটিতে নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে।কারণ ডিসেম্বরের সেকেন্ড উইক পর্যন্ত বিভিন্ন সমাপনী পরীক্ষা থাকে। সাধারণত নির্বাচনের নূন্যতম ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হয়। এই ক্ষেত্রেও তাই করা হবে।
রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে বৈঠকে কোন আলোচনা হয়নি বলেও তিনি জানান।অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।তবে ৩১ জুলাই সুশীল সমাজের সঙ্গে সকাল ১১টায় ইসির বৈঠক হবে।ওই বৈঠকের আগেই হয়তো নির্ধারণ হবে কবে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক।এজেন্ডাও তখনই নির্ধারণ হবে।তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সকল রাজনৈতিক দলের সহযোগিতা পাব।রংপুর সিটি কর্পোরেশনে ৩৩টি ওয়ার্ড রয়েছে। সংরক্ষিত ওয়ার্ড রয়েছে ১১টি।সম্ভাব্য ভোটকেন্দ্র ১৮২টি এবং সম্ভাব্য ভোটকক্ষ থাকছে ১ হাজার ২শ’টি। ২০১২ সালের ২০ ডিসেম্বর এ সিটিতে ভোট হয়েছিল।