
নিউজ ডেস্কঃ প্রায় ২০ একর জমির ওপর স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এবার এর সঙ্গে যোগ হলো শাহবাগস্থ বাংলাদেশ বেতারের আরো দুই দশমিক ৭৬ একর জমি ও স্থাপনা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের হাতে বেতারের এই জমি ও স্থাপনার দলিল হস্তান্তর করেন।এসময় বিশ্ববিদ্যালয়ের চিফ এস্টেট অফিসার ডা. এ কে এম শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ বেতারের প্রশাসনিকভবন খালি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপকক্ষকে বুঝিয়ে দেয়া হবে।
জানা গেছে, গত ২ জুলাই তথ্য মন্ত্রণালয়ের বেতার-২ অধিশাখা, বাংলাদেশ সচিবালয়ের উপ-সচিব মো. মজিবুর রহমান স্বাক্ষরিত আদেশপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পূর্বপাশের সড়কের বিপরীতে অবস্থিত বারডেম হাসপাতাল ও ইন্টার কনটিনেন্টাল হোটেল এন্ড রিসোর্টসের মধ্যবর্তী বাংলাদেশ বেতারের দুই দশমিক ৭৬ একর জমি এবং স্থাপনা পর্যায়ক্রমে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়।সমঝোতাপত্রে হস্তান্তরকারী হিসেবে বাংলাদেশ বেতারের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো: নাসির উদ্দিন আহমেদ এবং গ্রহণকারী হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান স্বাক্ষর করেন।
এরপরই প্রধানমন্ত্রী কর্তৃক দলিল হস্তান্তর হলো।বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, রোগীদের কল্যাণে নেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জনকল্যাণমুখী ও বাস্তবধর্মী পদক্ষেপের কারণে বিশ্ববিদ্যালয়টির বিশ্বমানের চিকিত্সাসেবা কার্যক্রমের পরিধি, চিকিত্সা শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো বৃদ্ধি পাবে। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য, বর্তমান প্রশাসনের বহুমুখী কার্যক্রমের ফলে দেশের চিকিত্সাসেবা, চিকিত্সা শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক গবেষণায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিএসএমএমইউ।
গবেষণায় সাফল্যের কারণে ২০১৬ সালের ডিসেম্বরে স্পেনের সিমাগো রিসার্চ গ্রুপ ও যুক্তরাষ্ট্রের স্কপাস প্রকাশিত জরিপে বাংলাদেশের ১১টি নেতৃত্বস্থানীয় বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে পঞ্চম স্থান এবং বিশ্ব সেরার তালিকায় ৬৪০তম স্থান অধিকার করেছে। বিশ্ববিদ্যালয়ের ৪২টি অধিভুক্ত প্রতিষ্ঠানে ৯২টি উচ্চ শিক্ষার কোর্সে ৩ হাজার ৩শ জন শিক্ষার্থী মেডিক্যাল শিক্ষায় স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত।বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে এক হাজার ৯০৪ টি বিছানা রয়েছে, যাতে সব সময়ই রোগী ভর্তি থাকেন। প্রতিদিন সকালের বহির্বিভাগে গড়ে ৫ হাজার এবং ২৪টি বৈকালিক বিশেষায়িত বহির্বিভাগে প্রতিদিন প্রায় এক হাজার রোগী সেবা নিচ্ছেন। দিন দিন রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে। নতুন করে এই জমি পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম আরো সম্প্রসারিত হবে বলে আশা করা যাচ্ছে।