News71.com
 Bangladesh
 19 Jul 17, 12:26 AM
 184           
 0
 19 Jul 17, 12:26 AM

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেলেন বাকৃবির অধ্যাপক এম এ সালাম।।

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেলেন বাকৃবির অধ্যাপক এম এ সালাম।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশের কৃষি গবেষণায় অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২২’ অর্জন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মত্স্যবিজ্ঞান অনুষদের একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. এম. এ. সালাম। গত রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২১ এবং ১৪২২ প্রদান অনুষ্ঠানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছ থেকে রৌপ্য পদক গ্রহণ করেন। এ সময় তিনি নগদ ৫০ হাজার টাকা,২৫ গ্রাম ওজনের রৌপ্য মেডেল ও সনদ গ্রহণ করেন।

কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য ও অনুকরণীয় অবদানের জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। দেশের কৃষি খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার প্রতিবছর এই পুরস্কার দিয়ে আসছে। দশটি শ্রেণিতে পাঁচটি সোনা,নয়টি রৌপ্য এবং ১৮টি ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মইনুদ্দিন আবদুল্লাহ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন এবং পুরস্কার বিতরণী পর্বটি সঞ্চালনা করেন।

অধ্যাপক এম এ সালাম এ্যাকুয়াপনিক্সে (মাছের পানি ব্যবহার করে মাটিবিহীন সবজি উত্পাদন) এর উদ্ভাবক। বাকৃবির মাত্স্যবিজ্ঞান অনুষদে এবং বাসার পুরোটো ছাদ জুড়ে এ্যাকুয়াপনিক্সের চাষ করেন। তিনি পুষ্টি প্রবাহ পদ্ধতি, মিডিয়া বেস পদ্ধতি, উলম্ব পদ্ধতি, এরোপনিক্স বা ঝর্ণার মাধ্যমে পদ্ধতি ব্যবহার করে তেলাপিয়া, কমন কার্প, মাগুর, শিং ও পাঙ্গাস মাছ চাষের সাথে একই পানি ব্যবহার করে কোন ধরনের রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার ছাড়াই টমেটো, কলমি, কচু, ঢেঁড়স, পুদিনা, লালশাক, পুইশাক, বরবটি, ধুন্দল, স্টবেরী, পেঁপে, করলা, ভুট্টা, চালকুমড়া, লেটুস, কাকড়োল ও বেগুন উত্পাদন করে যাচ্ছেন।

অনুভূতি জানতে চাইলে অধ্যাপক ড. এম. এ সালাম বলেন, যেকোন স্বীকৃতিই ভালো লাগে সবার। এই স্বীকৃতির জন্য আজ আমার দায়িত্ব আরো বেড়ে গেলো। সঠিক মান বজায় রেখে এখন আরো ভালো কাজ করতে চাই। আরো সামনে এগিয়ে যাওয়ার নতুন করে অনুরেপ্ররণা পেলাম। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এ্যাকুয়াপনিক্স ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে চাই। যেখানে প্রশিক্ষণ, গবেষণা ও প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। ফলে সারাদেশসহ বিদেশ থেকে লোক এসে এ পদ্ধতি সম্পর্কে জানতে পারবে এবং পদ্ধতির বিস্তৃতি ঘটবে। এছাড়াও এ্যাকুয়াপনিক্স ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন