
নিউজ ডেস্কঃ দেশের যেসব কারখানার (গার্মেন্টস বা শিল্প প্রতিষ্ঠানের) বয়লারের নিবন্ধন বা রেজিস্ট্রেশন নেই সেসব বয়লার ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।একইসঙ্গে সব কারখানার বয়লার পরিদর্শনের জন্য শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।এ বিষয়ে আগামী ৩০ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।বিচারপতি জুবায়ের রহমান ও বিচারপতি মো: ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এই আদেশ দেন।মঙ্গলবার আইনজীবীরা আদালতের আদেশের বিষয়ে সাংবাদিকদের জানান।
গত ৯ জুলাই গাজীপুরের কাশিমপুরে মাল্টিফ্যাবস নামে একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ জন নিহত হন।এই ঘটনায় মালিকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশনা এবং নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা ব্যয়ের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়।জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান মিলন এ রিট দায়ের করেন। রিটে বয়লার সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনাও চাওয়া হয়।
গাজীপুরের মাল্টিফ্যাবসের কারখানায় বয়লারের ডেলিভারি ভাল্ব বন্ধ রেখে অতিরিক্ত প্রেসার তৈরির চেষ্টা করায় বিস্ফোরণ হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে আসে। পরে জেলা প্রশাসনের তদন্ত কমিটি বিস্ফোরণের পেছনে সাতটি ত্রুটি ও দুর্বলতা চিহ্নিত করে।সেগুলো হচ্ছে - বয়লারের প্রেসার গেজ নষ্ট হয়ে যাওয়া, ডেলিভারি লাইন বন্ধ থাকা, লিভারটিতে স্লট না কাটা, প্রেসার রিলিজ না করা, অপারেটরদের তদারকীর অভাব, অবকাঠামোগত ও ব্যবস্থাপনাগত ত্রুটি।