
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বেইলি ব্রিজ ভেঙ্গে ৩৫ টন ইউরিয়া সারসহ একটি ট্রাক পানির নিচে তলিয়ে গেছে।মঙ্গলবার বেলা সোয়া বারোটার দিকে টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের সহেড়াতৈল নামক স্থানের এ দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক ওমর আহমেদ ও হেলপার আবু বকর।প্রত্যক্ষদর্শী জাঙ্গালীয়া গ্রামের শহিদুর ইসলাম জানান, ৩৫ টন ইউরিয়া সারসহ ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৮৯১৪১) ব্রিজে ওঠার পর প্রায় ৮/১০ ফুট যেতেই আস্তে আস্তে ব্রিজের দুইপাশের রেলিং ভেঙ্গে যায়। এসময় বিকট শব্দে ট্রাকটি পশ্চিম দিকে পানিতে পড়ে যায়। ট্রাকের চালক ও হেলপার কোন রকমে বের হয়ে সড়কে ওঠেন।
স্থানীয়র তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়।এদিকে ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় টাঙ্গাইল জেলা শহরের সাথে দেলদুয়ার উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। বন্ধ হয়ে গেছে সব ধরনের যানবাহন চলাচল।ট্রাক চালক ওমর আহমেদ বলেন, ৩৫ টন ইউরিয়া সার নিয়ে আমরা চট্টগ্রাম থেকে টাঙ্গাইল যাচ্ছিলাম। চট্টগ্রাম থেকে আমাদের দেলদুয়ার হয়ে টাঙ্গাইল যাওয়ার জন্য বলা হয়েছিল। বেইলি ব্রিজে ওঠার পর তা ভেঙ্গে ট্রাকসহ আমরা পানিতে পড়ে যাই। কোন রকমে দরজা খুলে প্রাণে বেঁচে আসি।এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল হাকিম বলেন, আমরা ব্রিজটি দ্রুত মেরামতের জন্য সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করেছি।
খুব দ্রুত মেরামত করে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ বলেন, রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট থাকলে অধিকাংশ যানবাহন এ রাস্তাদিয়ে চলাচল করে। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় দেলদুয়ার উপজেলার সাথে টাঙ্গাইল জেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে যাতে দ্রুত যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন কবির বলেন, জনগণের চলাচলের জন্য যাতে কষ্ট না হয় তার জন্য দ্রুততার সাথে বেইলি ব্রিজ মেরামত করা হবে।