News71.com
 Bangladesh
 18 Jul 17, 07:53 PM
 186           
 0
 18 Jul 17, 07:53 PM

১৪ লাখের বেশি জেলে পেয়েছেন ডিজিটাল জাতীয় পরিচয়পত্র।।

১৪ লাখের বেশি জেলে পেয়েছেন ডিজিটাল জাতীয় পরিচয়পত্র।।

নিউজ ডেস্কঃ দেশের ১৪ লাখের বেশি জেলে ডিজিটাল জাতীয় পরিচয়পত্র পেয়েছেন।জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় তাঁদের এটি দেওয়া হয়েছে। প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর মাধ্যমে জেলেদের জীবনমানে পরিবর্তন এসেছে।এ ছাড়া মৎস্য সম্পদের উন্নত ও স্থায়িত্বশীল ব্যবস্থাপনার ক্ষেত্রে এ পরিচয়পত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।জানতে চাইলে প্রকল্পের পরিচালক মো. কামরুল হাসান বলেন, ‘এখন পর্যন্ত এ প্রকল্পের আওতায় ১৬ লাখ ২০ হাজার জেলের তথ্য সংগ্রহ করে পরিচয়পত্র তৈরি করা হয়েছে। এর মধ্যে ১৪ লাখ ২০ হাজার ১৮৫ জনকে পরিচয়পত্র দেওয়া হয়েছে। অন্যদেরও দেওয়ার প্রক্রিয়া চলছে।দেশের ১৪ লাখ জেলের হাতে পরিচয়পত্র তুলে দিয়ে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে। চলবে ২৪ জুলাই পর্যন্ত।


জেলেদের পরিচয়পত্র দেওয়ার এ প্রকল্প সূত্রে জানা গেছে, প্রকৃত কোনো তালিকা না থাকায় অনেক সময় সুবিধাভোগীরা জেলেদের নাম ব্যবহার করে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে থাকেন।এ ছাড়া নিজস্ব নৌকা না থাকায় উচ্চ সুদে জাল ও নৌকা ভাড়া নিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও মাছ ধরে ফলে প্রায়ই মারাত্মক দুর্ঘটনার শিকার হন অনেক জেলে।পরবর্তীকালে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করেন।এ অবস্থার উন্নতি ঘটাতে প্রকল্পটি হাতে নেয় সরকার।পরে ২০১২ সালের মার্চে জেলেদের ডিজিটাল জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রকল্প শুরু হয়।মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, দেশের জেলের সংখ্যা ধরা হয়ে থাকে ১৪ লাখ। তবে সারা দেশের প্রায় সোয়া কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ পেশায় জড়িত আছেন। সারা দেশে জেলেদের সংখ্যা নির্ণয় করতে তাঁদের নিবন্ধন করার সিদ্ধান্তও নেওয়া হয়।

এর মাধ্যমে উপজেলাভিত্তিক প্রকৃত জেলেদের চিহ্নিত করে একটি তথ্যভান্ডার তৈরি করার পরিকল্পনা থেকে পরিচয়পত্র তৈরির কার্যক্রম হাতে নেওয়া হয়।প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে প্রকৃত জেলেদের শনাক্ত করে নিবন্ধনকরণ এবং তাঁদের পরিচয়পত্র প্রদান, মাছ ধরা অবস্থায় নিহত জেলেদের আর্থিক সহায়তা এবং মৎস্য সম্পদের উন্নত ও স্থায়িত্বশীল ব্যবস্থাপনা। কার্ডধারী জেলেরা কী কী সুবিধা পাচ্ছেন, জানতে চাইলে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মঈনুল ইসলাম বলেন, ‘আমাদের উপজেলায় এখন পর্যন্ত ১ হাজার ৩২০ জন জেলে পরিচয়পত্র পেয়েছেন। এই পরিচয়পত্রধারীদের বাইরে কেউ মৎস্যজীবী সমবায় সমিতি করতে পারবেন না। এ ছাড়া পরিচয়পত্রের বাইরে কেউ জেলে হলেও বিভিন্ন বরাদ্দ ও সুযোগ-সুবিধা পাবেন না।এ ছাড়া দক্ষিণের জেলাগুলোতে পরিচয়পত্রধারী জেলেরা নানা সুযোগ-সুবিধা পান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন