News71.com
 Bangladesh
 17 Jul 17, 11:26 PM
 152           
 0
 17 Jul 17, 11:26 PM

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে ।। তথ্য কমিশনার ড. মো. গোলাম রহমান  

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে ।। তথ্য কমিশনার ড. মো. গোলাম রহমান   

নিউজ ডেস্কঃ প্রধান তথ্য কমিশনার (সিআইসি) ড. মো. গোলাম রহমান বলেছেন,তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হলে রাষ্ট্রের সকল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। তিনি বলেন,তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হলে স্বভাবিকভাবেই দুর্নীতি হ্রাস পাবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হবে।কমিউনিটি রেডিও সম্প্রচারকারীদের তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে সিআইসি এসব কথা বলেন। তৃণমূল পর্যায়ে তথ্য অধিকার বিষয়ে সচেতনতা ও উদ্বুদ্ধকরণে কমিউনিটি রেডিওর ভূমিকার ওপর গুরুত্বারোপ করে প্রধান তথ্য কমিশনার বলেন,তথ্য অধিকার আইন তথ্য জানার অধিকারকে আইনগত স্বীকৃতি দিয়েছে। একটি অফিসে কি কি কাজ হয়,অফিসটি কি ধরনের সুযোগ-সুবিধা বা সেবা দিচ্ছে এসব বিষয়ে জানতে এই আইন সহায়তা করছে।

অনুষ্ঠানে কার্টার সেন্টারের গ্লোবাল এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামের পরিচালক লরা ন্যুম্যান বক্তব্য রাখেন। তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও তথ্য কমিশনার ড. খুরশীদা বেগম সাঈদ তথ্য অধিকার আইনের ক্রমবিকাশ এবং তথ্য অধিকার আইন ২০০৯ এর গুরুত্বপূর্ণ ধারাসমূহ আলোচনা করেন। এসময় আইনটির উৎপত্তি,কিভাবে তথ্য প্রাপ্তির আবেদন করতে হয়,কীভাবে আপিল করতে হয়,কিভাবে অভিযোগ দায়ের করতে হয়,তথ্য প্রদান না করলে কি শাস্তির বিধান রয়েছে এসব বিষয়ে প্রশিক্ষণার্থীদের সম্যক ধারনা দেয়া হয়।

ড. গোলাম রহমান বলেন,বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর সংসদের প্রথম অধিবেশনেই তথ্য অধিকার আইন পাস করে,যা অত্যন্ত কার্যকর ও অগ্রসর একটি আইন। আইনটি জনগণের এবং জনগণ আইনটি ব্যবহার করে তার প্রয়োজনীয় তথ্য বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে পেতে পারেন। তথ্য কমিশনের পরিচালক ভুঁইয়া মো. আতাউর রহমান ও উপ-পরিচালক ড. মো. আব্দুল হাকিম প্রশিক্ষণ প্রদান করেন। ফ্রেড্রিক ন্যূম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম (এফএনএফ) এর সহযোগিতায় তথ্য কমিশন এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন