News71.com
 Bangladesh
 17 Jul 17, 05:02 PM
 313           
 0
 17 Jul 17, 05:02 PM

জাবিতে মামলা প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনকারী শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে

জাবিতে মামলা প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনকারী শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনের তৃতীয় দিনে যোগ দিয়েছেন আরো তিন শিক্ষার্থী। জাবি শহীদ মিনারের পাদদেশে বর্তমানে সাত জন শিক্ষার্থী আমরণ অনশন করছেন। গত শনিবার ইংরেজি বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী সরদার জাহিদ প্রথম আমরণ অনশনে বসেন। ঐদিন বিকেলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪০ ব্যাচের শিক্ষার্থী পূজা বিশ্বাস জাহিদের সঙ্গে অনশনে যোগ দেন। শনিবার রাত এগারোটার দিকে ইংরেজি বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী তাহমিনা জাহান এবং রবিবার সকাল সাতটায় আইন ও বিচার বিভাগের ৪৩ ব্যাচের শিক্ষার্থী খান মুনতাছির একই দাবিতে আরমান অনশনে শামিল হন। সোমবার আমরণ অনশনে যোগ দিয়েছেন দর্শন বিভাগের ৪৫ ব্যাচের রুদ্রনীল আহমেদ, বাংলা বিভাগের ৪২ ব্যাচের নাইমুল আলম মিশু ও নৃবিজ্ঞান ৪৫ ব্যাচের রাতুল খালিদ।

অনশনকারী শিক্ষার্থীরা আবার তাদের সংকল্পে অনড় অবস্থান ব্যক্ত করে বলেছেন, মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত শহীদ মিনার থেকে জীবন নিয়ে ফিরতে চাই না। তারা শহীদ মিনারের পাদদেশেই রাত্রি যাপন করছেন।তাদের মধ্যে দুই একজন অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে শিক্ষার্থীদের অনশনের বিষয়ে সিদ্ধান্ত নিতে রবিবার এক জরুরী সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।সিন্ডিকেটের সিদ্ধান্তে বিচারাধীন বিষয়ে প্রভাবিত করাকে অনাকাঙ্খিত ও অযৌক্তিক বলা হয়। সিন্ডিকেট সভার সিদ্ধান্তে সব ধরনের আন্দোলন ও অনশন প্রত্যাহারের জন্য আহ্বান জানানো হয়।

এদিকে সোমবার একটার দিকে জাবির হল প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. কৌশিক সাহা অনশনরত শিক্ষার্থীদর সঙ্গে কথা বলেছেন। একই সময়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ মৌন মিছিল করেছে। মৌন মিছিলে ভিসি, প্রো ভিসি, শিক্ষক লাঞ্ছনা ও ভিসির বাসভবন ভাংচুরের প্রতিবাদ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়া হয়েছে।

তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্পাদক সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ জানিয়েছেন, তারা শিক্ষক শিক্ষার্থী ঐক্যমঞ্চের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। তিনি আরো বলেন, আমরা ঐক্যমঞ্চের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামের সঙ্গে কথা বলে অনশনকারীদের অনশন প্রত্যাহারের অনুরোধ করবো। উল্লে­খ্য, গত ২৬ মে সড়ক দুর্ঘটনায় জাবির দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক আবরোধকালে পুলিশ হামলা চালায়। হামলায় সাংবাদিকসহ অনেকে আহত হয়। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ভিসির বাসায় অবস্থান ও ভাংচুর চালালে ২৭ মে রাতে ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন