
নিউজ ডেস্কঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বি এস ডাঙ্গী গ্রামের বাসিন্দা জাকারিয়া খানের দুই বছরের ছোট ছেলে আসিফকে তার মামা আজাদ (৩০) বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি। গতকাল রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে সাভারের নবীনগর এলাকা থেকে আসিফকে তার এক নানা উদ্ধার করেছেন বলেও খবর পাওয়া গেছে।আসিফের নানি ফাতেমা জানান, প্রায় ২০ বছর আগে তিনি আজাদকে দেখেছেন। এরপর গত শনিবার আজাদ আসিফদের বাড়িতে বেড়াতে আসে। ২০ বছর পর ভাগ্নেকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় সবাই। গতকাল রবিবার সকালে আসিফকে নিয়ে ঘুরতে যেতে চাইলে কারো মনে কোনো সন্দেহ জাগেনি। কিন্তু দীর্ঘ সময় পার হলেও আজাদ বা আসিফ কেউ বাড়ি না ফেরায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে নানা আশঙ্কায় অস্থির হয়ে পড়েন। এ অবস্থায় গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকায় বসবাসরত শিশু আসিফের চাচাতো নানা মোয়াজ্জেম হোসেনের মুঠোফোনে আজাদ ফোন করে জানায়, চিন্তা করবেন না। আসিফ আমার কাছে ভালোই আছে। এ কথা শুনে মোয়াজ্জেম আসিফকে ফেরত দিতে অনুরোধ জানালে আজাদ তাকে জানায়,আমার কোনো সন্তান নেই। তাই আমি আসিফকে পালন করব।
তিনি বলেন,গতকাল রবিবার রাত ৯টার দিকে আজাদ আসিফকে সাভারের নবীনগর এলাকার একটি দোকানের সামনে রেখে মোয়াজ্জেম হোসেনকে ফোন করলে তিনি সেখান থেকে আসিফকে তার কাছে নিয়ে রাখেন। এ ব্যাপারে চরভদ্রাসন থানার ওসি রামপ্রসাদ ভক্ত জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।