
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জ সদরের বাহুকায় নদীর তীর সংরক্ষণ বাধের ভেঙ্গে যাওয়া রিং বাধ এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এমপি। আজ সোমবার সকালে পরিদর্শনে আসেন তিনি। পরিদর্শনের পর গণমাধ্যমকর্মীদের মন্ত্রী বলেন,বন্যায় নদী এলাকার আশপাশের মানুষ যাতে কষ্ট না পায় এবং নিরাপত্তায় থাকতে পারে, সরকার সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। আর যারা নদীর তীরে এবং বাধের অভ্যন্তরে বসবাস করে বন্যার সময় তাদের কিছুটা সমস্যা সইতে হবে। তিনি আরো বলেন,এই এলাকার মানুষকে নদীর ভাঙ্গনের হাত থেকে রক্ষায় সিমলা থেকে খুদবান্দি পর্যন্ত এলাকায় সাড়ে ৪ শত কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাধ নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। একনেক মিটিংয়ে প্রকল্পটি পাস হওয়ায় পর এ বছরই প্রকল্পের কাজ শুরু করা হবে। পাশাপাশি ভাঙ্গনকৃত রিং বাধ ও তৎসংলগ্ন পুরাতন নদীর তীর সংরক্ষণ বাধও আরও শক্তিশালী করা হবে। আর বাধ নির্মাণে পাউবোর যদি কোনো গাফিলতি থাকে সেটি বিভাগীয় ভাবে খতিয়ে দেখা হবে।
চৌহালী উপজেলা রক্ষা বাধের ভাঙ্গন প্রসঙ্গে পানি সম্পদমন্ত্রী বলেন,ওই বাধ রক্ষায় একটি বড় প্রকল্প চলমান রয়েছে। নদীতে পানি শুকানোর পর শুস্ক মৌসুমে প্রকল্পটির পূর্ণনির্মাণ কাজ শুরু করা হবে। পরিদর্শনকালে তার সঙ্গে পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতিক,মন্ত্রণালয়ের অতিরিক্ত মহা-পরিচালক মোসাদ্দেক হোসেন, রাজশাহী জোনের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী,বগুড়ার তত্বাবধায়ক প্রকৌশলী বাবুল শিং,সিরাজগঞ্জ চেম্বারের পরিচালক আবু ইউসুফ সূর্য্য,আওয়ামী লীগ নেতা এ্যাড: কে,এম হোসেন আলী হাসান,জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা,পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ও সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,৩ দিন চেষ্টার পর বাহুকা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ রিং বাঁধের ভাঙ্গা অংশে সংস্কার করে গতকাল রবিবার সন্ধ্যায় পানি প্রবাহ বন্ধ করে পাউবো ও সেনাবাহিনী। এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাঁধটির ২০ মিটার এলাকা যমুনার পানির প্রবল স্রোতে ভেঙ্গে যাওয়ায় মুহুর্তের মধ্যেই তা লোকালয়ে প্রবেশ করতে শুরু করে। এরপরে রাত ২টা থেকে পাউবো এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের ৪৫ সদস্যের একটি টিম ভাঙ্গন স্থানে বাশের পাইলিং,বালি ভর্তি জিওব্যাগ ও পলিথিনের ব্যাগ ব্যবহার করে ভাঙ্গন স্থান নিয়ন্ত্রণের চেষ্টা করেন।