
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের সখীপুরে রেকর্ড পরিমাণ ভূমি উন্নয়ন কর (জমির খাজনা) আদায় হয়েছে। উপজেলায় ২০১৬-১৭ অর্থবছরে মোট ৩৮ কোটি ৮৫ লাখ ৫৯ হাজার ৫৪৪ টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। যা টাঙ্গাইল জেলার মধ্যে সখীপুর উপজেলায় আদায়ের হার সর্বোচ্চ। গত বছরের চেয়ে কয়েকগুণ টাকা বেশি আদায়ের মাধ্যমে এ রেকর্ড সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসনের তদারকিতে মাঠপর্যায়ে খাজনা আদায়ে গতি ফিরে আসার কারণে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে তহশিল অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা মনে করেন। এ সফলতার জন্য ভূমি প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলতায় অগ্রণী ভূমিকা রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়,উপজেলার ৬টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। এসব অফিসের মাধ্যমে সাধারণ পর্যায়ে ৭৭ লাখ ৭৪ হাজার ৩২৯ টাকা,বিভিন্ন প্রতিষ্ঠান পর্যায়ে ২ লাখ ৮১ হাজার ৬৪৮ টাকা এবং বনবিভাগের জমির ৩৮ কোটি ৫০ লাখ ৩ হাজার ৫৬৭ টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা বলেন,উপজেলা প্রশাসনের বর্তমান গতিশীল নেতৃত্বের কারণেই এটি সম্ভব হয়েছে। এ সাফল্যের ব্যাপারে উপ-সহকারী ভূমি কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন প্রশংসার দাবি রাখে।