
নিউজ ডেস্কঃ গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী এলাকায় শীতলক্ষ্যা নদীতে গতকাল রবিবার রাতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় অধিকাংশ যাত্রী সাতরে তীরে উঠলেও কয়েকজন নিখোঁজ থাকার কথা জানিয়েছে স্থানীয়রা। তবে পুলিশ বলছে নিখোঁজ এক নারী। খবর পেয়ে রাতেই উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক জানান,গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে পার্শ্ব শ্রীপুর উপজেলার বরমী বাজার থেকে ২০/২৫ জন তৈরি পোশাক কর্মী নিয়ে ইঞ্জিন চালিত একটি যাত্রীবাহী ট্রলার কাপাসিয়ার সিংহশ্রী বাজার খেয়াঘাটে আসছিল। অপরদিকে কাপাসিয়া থেকে বালিবাহী একটি খালি নৌকা ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলারটি মাঝ নদীতে ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাতরে ও স্থানীয়দের সহায়তায় তীরে উঠে এলেও একজন মহিলাসহ কয়েকজন নিখোঁজ বলে জানায় স্থানীয়রা। সিংহশ্রী ক্যাম্পের পুলিশ বালিবাহি খালি নৌকা ও মাঝিকে আটক করেছে।
খবর পেয়ে রাতেই উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে তিনি জানান,খোঁজ খবর করে এখন পর্যন্ত একজন নারী নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ নারী হলেন,কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ভিটি পাড়া গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে সেলিনা আক্তার। তিনি বরমী এলাকায় একটি তৈরি পোশাক কারখানার কর্মী। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান,রাতে ডুবুরি দল প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ শেষ করতে পারেনি। আজ সোমবার সকালে টঙ্গী থেকে চার সদস্যের ডুবুরি দল পুনরায় উদ্ধার কাজ শুরু করছে।