
নিউজ ডেস্কঃ আশুলিয়ায় রাত থেকে ঘিরে রাখা সন্দেহভাজন ‘জঙ্গি আস্তানার’ ভেতরে থাকা ৪ উগ্রবাদীর সবাই আত্নসমর্পণ করেছেন।এখন বিস্ফোরক ও অস্ত্রের সন্ধানে র্যাব বাড়িটির ভেতরে তল্লাশি চালাচ্ছে।রোববার সকাল থেকে র্র্যাবের অভিযান শুরুর পর ১১টা ৫৮ মিনিটের দিকে প্রথমে একজন আত্মসমর্পণ করে।পরে একে একে আরো দুইজন এবং সর্বশেষ বেলা ১টা ১০ মিনিটের মধ্যে সর্বশেষ ব্যক্তি আত্নসমর্পন করে।তবে এখনো তাদের পরিচয় জানাতে পারেনি র্যাব।এ ঘটনায় বাড়ির মালিককে আটক করা হয়েছে।
এর আগে শনিবার রাত ১টার দিকে র্যাব-৪ এর একটি দল নয়ারহাট এলাকার চৌরাবালি এলাকায় ইব্রাহীম নামে এক ব্যক্তির মালিকানাধীন ওই বাড়ি ঘিরে ফেলে।রোববার সকালে র্যাবের স্পেশাল ফোর্স ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি শুরু হয়।সকাল ৯টার পর র্যাবের একটি এপিসি ওই বাড়ির কাছাকাছি যেতে দেখা যায়।আকাশে একটি হেলিকপ্টারও চক্কর দিতে দেখা যায়।এরপর বেলা সাড়ে ১১টার দিকে একটানা বেশ কিছুক্ষণ স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির শব্দ আসে ওই বাড়ির দিক থেকে।
মুফতি মাহমুদ খান জানান, বেলা ১২টার দিকে ওই বাড়ি থেকে একজন বেরিয়ে এসে আত্মসমর্পণ করেন।সে জানায়, ভেতরে আরও তিনজন রয়েছে।কোনো নারী বা শিশু তাদের মধ্যে নেই।এর মিনিট দশেক পর একজন এবং বেলা সাড়ে ১২টার দিকে আরও একজন বেরিয়ে এসে আত্মসমর্পণ করে।অভিযান শুরুর পরপরই ভেতরে থাকা ‘জঙ্গিরা র্যাব সদস্যদের লক্ষ্য করে কমপক্ষে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে।রোববার সকাল ৬টার দিকে আবারও গুলি করে তারা।
কয়েকটি বোমাও ছোড়া হয়।জবাবে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন।বাড়ির ভেতরে থাকা ‘জঙ্গিদের’ আত্মসম্পর্ণ করার আহ্বান জানিয়ে রাতে ও সকালে হ্যান্ডমাইকে বেশ কয়েকবার আহ্বান জানানো হলেও তখন তারা সাড়া দেয়নি।ওই বাড়ির মালিক ইব্রাহীমকে আটক করার পর তার বরাত দিয়ে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, আজাদ নামের এক লোক গার্মেন্ট কর্মী পরিচয়ে দুই মাস আগে বাড়িটি ভাড়া নেন।