
নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষকদের ওপর হামলার অভিযোগে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। নতুন দুইজন শিক্ষার্থী যোগদান করায় মোট শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে চারজন। গত শনিবার রাতে এবং আজ রবিবার সকালে যোগদানকারী শিক্ষার্থীরা হলেন- ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাহমিনা জাহান (৪২তম ব্যাচ) এবং আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী খান মুনতাসির আরমান (৪৩তম ব্যাচ)। অনশনকারী অপর দুই শিক্ষার্থী ইংরেজি বিভাগের ৪২তম আবর্তনের সর্দার জাহিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪০তম আবর্তনের পূজা বিশ্বাস অনশন অব্যাহত রেখেছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে আজ রবিবার বিকেলে জরুরি সিন্ডিকেটে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় মামলা প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও আন্দোলন ও অনশনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের জন্য আহবান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।
জরুরি সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সিন্ডিকেটের জরুরি সভায় গৃহীত দু'টি সিদ্ধান্তের কথা জানানো হয়। সিদ্ধান্ত দু'টি হল: (ক) বিচারাধীন ও তদন্তাধীন বিষয়কে প্রভাবিত করা অনাকাঙ্খিত ও অযৌক্তিক। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আন্দোলন ও অনশনরত শিক্ষার্থীদের প্রতি আহবান জানানো হয়েছে। এ প্রসঙ্গে অনশনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের জন্য আহবান করা হয়েছে। (খ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয় এবং বিশ্ববিদ্যালয় পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হয় এরূপ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য আন্দোলন ও অনশনরত শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।
অনশন কর্মসূচি নিয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম বলেন,শান্তিপূর্ণ উপায়ে মামলা প্রত্যাহারের দাবি জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও মামলা তুলে নেওয়ার কোনো উদ্যোগ নেয়নি। তাই শিক্ষর্থীদের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় তারা অনশনে বসেছেন। আশা করি প্রশাসন সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে দ্রুতই মামলা তুলে নেওয়ার উদ্যোগ নেবে। মামলা প্রত্যাহার করার ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা। এই বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম আজ রবিবার রাত ৯টায় বলেন,বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ জরুরি সিন্ডিকেটে বসেছিলাম আমরা। মামলা রাষ্ট্রীয় পর্যায়ে চলে গেছে তা আমাদের হাতে নেই। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।