News71.com
 Bangladesh
 16 Jul 17, 04:31 PM
 159           
 0
 16 Jul 17, 04:31 PM

নড়াইলে এবার কাঁঠালের বাম্পার ফলন।।

নড়াইলে এবার কাঁঠালের বাম্পার ফলন।।

নিউজ ডেস্কঃ নড়াইলে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। ফলে কৃষকের মুখে হাসি ফুটেছে। দাম ভাল পাওয়ায় দিন দিন কাঁঠালের আবাদ বৃদ্ধি পাচ্ছে এ জেলায়। জেলার চাহিদা মিটিয়ে এসব কাঁঠাল চলে যাচ্ছে খুলনাসহ পার্শ্ববর্তী জেলায়। পাশাপাশি মৌসুমী এসব ফল ব্যবসায়ী এবং এর কাজের সাথে সংশ্লিষ্ট শ্রমিকরাও স্বচ্ছল জীবনযাপন করছেন। এ বছর জেলায় মোট কাঁঠালের আবাদ হয়েছে ৭৫০ হেক্টোর জমিতে। তবে বাণিজ্যিকভাবে কাঠাঁলের আবাদ হয়েছে ৩৫৫ হেক্টর জমিতে। হিসাব অনুযায়ী আবাদকৃত জমিতে মোট ৭ হাজার ৫০০ মেট্টিক টন কাঁঠাল উৎপাদন হবে। জেলার তিনটি উপজেলায় ১২টি হাটে পাইকারি দামে কাঠাঁল বিক্রি হয়। এর মধ্যে নড়াইল শহরের রুপগঞ্জ হাট সব থেকে বড়। এখানে সপ্তাহে ২ দিন (রোববার ও বৃহস্পতিবার) কাঠাঁলের হাট বসে।

নড়াইল জেলার তিনটি উপজেলা ছাড়াও মাগুরা,ঝিনাইদহ,খুলনা,বাগেরহাট, যশোরসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখানে কাঠাঁল কেনাবেচা করতে আসেন। রুপগঞ্জ হাটসহ জেলার বিভিন্ন হাটে আকার ভেদে প্রতি ১০০ পিস কাঠাঁল বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত। সদর উপজেলার চানপুর গ্রামের কাঠাঁল চাষি রফিকুল ইসলাম মোল্যা জানান,এক হেক্টর জমিতে কাঠাঁল চাষ করতে বছরে ১০ থেকে ১৫ হাজার হাজার টাকা খরচ হয়। খরচ বাদে এ বছর কাঁঠাল বিক্রি করে ৪৫ থেকে ৫০ হাজার টাকা লাভ হবে। ইতিমধ্যে ৩০ হাজার টাকার কাঁঠাল বিক্রি করেছি আরো ৩৫ থেকে ৪০ হাজার টাকার কাঁঠাল বিক্রি করা যাবে।

লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের বাড়িভাঙ্গা গ্রামের কাঠাঁল চাষি আব্দুর সাত্তার জানান,তার বাগানে এ বছর কাঁঠালের ভাল ফলন হয়েছে। কাঁঠালের দাম গতবার থেকে এ বছর অনেক ভাল। প্রতি পিস কাঁঠাল তিনি এ বছর গড়ে ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি করছেন। আগামীতে কাঁঠাল চাষ আরো বেশি করব বলেও জানান তিনি। মাগুরা জেলার গঙ্গারামপুর থেকে রুপগঞ্জ বাজারে কাঁঠাল বিক্রি করতে আসা ব্যবসায়ী উৎপাল বিশ্বাস বলেন,তিনি ৮ বছর যাবৎ এই বাজারে এসে কাঁঠালের ব্যবসা করেন। মাগুরা ও নড়াইলের বিভিন্ন গ্রাম থেকে চাষিদের কাছ থেকে তিনি কাঠাঁল ক্রয় করে বাজারে বিক্রি করেন। পাইকারি বাজারে প্রতি ১০০ পিস কাঠাঁল এ বছর ৩৫০০ টাকা থেকে ৪ হাজার ৭০০ টাকা পর্যন্ত বিক্রি করছেন তিনি। এতে তার ব্যবসা অনেক ভাল হয় বলে জানান তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক শেখ আমিনুল হক বলেন,অনেক আগে থেকে জেলায় কাঁঠালের আবাদ হলেও বাণিজ্যিকভাবে এখানে এই চাষ হত না। গত কয়েক বছর যাবৎ নড়াইল জেলার চাষিরা বাণিজ্যিকভাবে এই চাষ করছেন। এখানকার মাটি কাঠাঁল চাষের জন্য উপযোগী। এখানে কাঁঠালের আবাদ ভাল হয়। গত কয়েক বছর যাবৎ চাষিরা এটি চাষ করে বেশ ভাল লাভ করেছে। দিন দিন এই চাষ বৃদ্ধি পাচ্ছে। এ বছর আমের ফলন ভাল হওয়ায় কাঠাঁলের চাহিদা একটু কম থাকায় বাজারে কাঠাঁলের দাম কিছুটা কম। তিনি আরও জানান,চাষিরা যাতে ঠিকমত এই চাষ করতে পারে এবং লাভবান হতে পারে সেই ব্যাপারে সব সময় খোজ খবর রাখা হয়। চাষিদের সঠিক পরামর্শ দেয়া হয় যাতে তারা ঠিক মত কাঠালের আবাদ করতে পারে বলে জানান এই কৃষি কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন