
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ব্যাকটেরিয়া সংক্রমিত এডিস মশার সহায়তায় অন্য এডিস মশাদের নির্মূল করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগটি নিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেট-এর ভেরাইলি লাইফ সায়েন্সেস বিভাগ। এর প্রকল্পের অংশ হিসেবে দুই কোটি মশা ছাড়বে প্রতিষ্ঠানটি। বিশেষায়িত এই পুরুষ মশাগুলোর শরীরে একটি ব্যাকটেরিয়া যুক্ত করে দেওয়া হয়েছে। এই মশাগুলো মানুষের জন্য ক্ষতিকর নয়। এগুলো বন্য স্ত্রী মশার সঙ্গে প্রজননের পর বংশবিস্তারে সক্ষম নয় এমন ডিম সৃষ্টি করবে। ফলে মশার সংখ্যা ও এগুলোর মাধ্যমে রোগের সংক্রমণও কমবে বলে আশা করা হচ্ছে।
এক্ষেত্রে লক্ষ্য হিসেবে নেওয়া হয়েছে এডিস ইজিপ্টি মশাকে। এ মশা জিকা,ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভাইরাস বহন করে। এ উদ্যোগে অবশ্য মশাগুলোর জীনগত কোনো পরিবর্তন আনেনি। এগুলো ওলব্যাকিয়া নামের প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি ব্যাকটেরিয়ায় আক্রান্ত। এই আক্রান্ত পুরুষ মশাগুলো যখন বন্য স্ত্রী মশার সঙ্গে মিলিত হবে,তারা বাচ্চা জন্মদানে অক্ষম ডিম সৃষ্টি করবে। এর ফলে সময়ের সঙ্গে মশার সংখ্যা কমে আসবে। এক্ষেত্রে বাড়তি সুবিধা হচ্ছে পুরুষ মশা মানুষকে কামড়ায় না। এর ফলে ফ্রেসনো’র অধিবাসীদের মশার কামড় খাওয়া এই গ্রীষ্মে অন্যান্য সময়ের তুলনায় কমে যাবে বলে আশা করা হচ্ছে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো এলাকায় প্রকল্পটি পরীক্ষা করে দেখা হচ্ছে। রোগ নিয়ন্ত্রণে এই ব্যাকটেরিয়া আক্রান্ত মশা ব্যবহার ভেরাইলি-ই প্রথম করছে না। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানগুলো এক দশকেরও বেশি সময় ধরে পোকামাকড় নিয়ে এমন কাজ করছে। পরীক্ষামূলকভাবে ইন্দোনেশিয়া ও ব্রাজিলে বিভিন্ন প্রকল্পও চালানো হচ্ছে।