
নিউজ ডেস্কঃ আগামী একাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ (কর্মপরিকল্পনা) আজ রোববার ঘোষণা করা হচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন ভবনে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে. এম. নুরুল হুদা এই রোডম্যাপ প্রকাশ করবেন।এর মধ্য দিয়েই শুরু হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম।এতে নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে সংলাপ, নির্বাচনী আইন ও বিধিবিধানের সংস্কার, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা প্রস্তুতের কৌশল ও সময় নির্ধারণের কথা থাকছে।ইসি-সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী দেড় বছরে জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও কয়েকটি সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করতে হবে।এরই ফাঁকে নিতে হবে একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি।
এই সময়ে ইসি কী কী কাজ করবে তার গাইড লাইন তুলে ধরা হবে রোডম্যাপে।ইসি কার্যালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন, কমিশন সভায় ইতিমধ্যেই রোডম্যাপের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।আগামী সংসদ নির্বাচন পর্যন্ত ইসির কর্মপরিকল্পনা এতে তুলে ধরা হয়েছে।সব কিছু যাচাই-বাছাই শেষে বই আকারে রোববার প্রকাশ হচ্ছে।এ রোডম্যাপের নির্ধারিত সময়ের মধ্যেই কাজ বাস্তবায়ন হবে।ইসি-সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে জন-আকাঙ্ক্ষা পূরণে অন্যতম সাতটি বিষয়ে রাজনৈতিক দলসহ ছয় ধরনের অংশীজনের সঙ্গে সংলাপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের গেজেট প্রকাশের সময় নির্দিষ্ট করে দেওয়া, রাজধানীর মতো বড় শহরের আসন সীমিত করে নির্দিষ্ট করে দেওয়া, আরপিও-সীমানা নির্ধারণ অধ্যাদেশ বাংলায় রূপান্তরের প্রস্তাবও থাকছে ইসির রোডম্যাপে।
ইসি কর্মকর্তারা জানান, সংলাপে নারী সংগঠনের নেত্রীদের সঙ্গে বসার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। ৩১ জুলাই থেকে অক্টোবর নাগাদ এ সংলাপে পর্যায়ক্রমে নাগরিক সমাজ, গণমাধ্যম, রাজনৈতিক দল, নির্বাচন পর্যবেক্ষক, নারী সংগঠনের নেত্রী ও নির্বাচন পরিচালনায় বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে।কর্মপরিকল্পনায় বলা হয়েছে, 'নির্বাচন কমিশন নির্ধারিত সময়ে সংসদ নির্বাচন করতে দৃঢ়তার সঙ্গে ও সুচিন্তিত পন্থায় এগিয়ে যাচ্ছে।দেশবাসী একটি গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছেন।সার্বিকভাবে দেশে জাতীয় নির্বাচনের একটি অনুকূল আবহ সৃষ্টি হয়েছে।
রোডম্যাপে থাকছে সংলাপের ৭ ইস্যু: সংলাপে অংশগ্রহণকারীদের মতামত দেওয়ার জন্য সাতটি ইস্যু তুলে ধরার পাশাপাশি উন্মুক্ত আলোচনারও সুযোগ থাকছে। ইসি সচিব জানিয়েছেন, সংলাপে অংশগ্রহণকারীরা নির্ধারিত ইস্যুর বাইরেও তাদের মতামত তুলে ধরলে ইসি তা বিবেচনায় নেবে।নির্ধারিত সাত ইস্যুর মধ্যে রয়েছে- আইনি কাঠামোসমূহ পর্যালোচনা ও সংস্কার, নির্বাচন প্রক্রিয়া সহজ ও যুগোপযোগী করা, সংসদীয় এলাকার নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ, নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন ও সরবরাহ, বিধি অনুসারে ভোটকেন্দ্র স্থাপন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং নিবন্ধিত দলের নিরীক্ষা, সুষ্ঠু নির্বাচনে সংশ্লিষ্ট সবার সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ।
এ ছাড়া রোডম্যাপে বলা হয়েছে, নির্বাচন পরিচালনায় বিদ্যমান আইন-বিধি প্রয়োগ করে অতীতে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হয়েছে।এখন আইনি কাঠামোর আমূল সংস্কারের প্রয়োজনীয়তা আছে বলে ইসি মনে করছে না।তবে পরিবেশ-পরিস্থিতির পরিবর্তনের মুখে এগুলো আরও যুগোপযোগী করার সুযোগ রয়েছে।যাতে ভোট প্রক্রিয়া আরও সহজ ও অর্থবহ হয়।একই সঙ্গে বিদ্যমান গণপ্রতিনিধিত্ব আদেশ ও সীমানা পুনর্নির্ধারণ অধ্যাদেশটি বাংলা ভাষায় রূপান্তরের পরিকল্পনাও নিয়েছে ইসি।সীমানা পুনর্বিন্যাসে নতুন প্রশাসনিক এলাকা ও বিলুপ্ত ছিটমহলগুলোকে নিয়ে নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ করতে চায় ইসি।
বিদ্যমান অধ্যাদেশে জনসংখ্যার বিবেচনায় আসন বিন্যাস করা হয়।কিন্তু ইসির প্রস্তাবে আইন সংস্কার করে শুধু জনসংখ্যাকে বিবেচনা না করে জনসংখ্যা, ভোটার সংখ্যার পাশাপাশি নির্বাচনী এলাকার ভৌগোলিক আয়তনকে বিবেচনায় আনার কথা রয়েছে।তাদের মতে, রাজধানীর মতো বড় শহরের আসনসংখ্যা সীমিত করে নির্দিষ্ট করা যেতে পারে।এ ছাড়া ভোটার তালিকা প্রণয়ন ও বিতরণ, দলের নিবন্ধন হালনাগাদ, ইসির জনবলের সক্ষমতা বাড়াতে কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনাও তুলে ধরা হয়েছে রোডম্যাপে। এর আগে গত ২৩ মে রোডম্যাপের খসড়া ঘোষণা করেছিলেন সিইসি কে. এম. নুরুল হুদা।