
নিউজ ডেস্কঃ মশা নিধনে ব্যর্থতার জন্য ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রকে লাল কার্ড দেখিয়েছেন একদল নগরবাসী।শাহবাগে এক ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে তাদের লাল কার্ড দেখনো হয়।এসময় বক্তারা বলেন, ‘আপনাদের ভোট দিয়ে এনেছি, এখন আপনাদের লাল কার্ড দেখাতে হচ্ছে।আপনারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।শনিবার বিকেলে লেখক-শিল্পী-ছাত্র-শিক্ষক-সাংবাদিক ও নাগরিকবৃন্দের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।সাবেক ছাত্রনেতা আকরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন লেখক ও প্রকাশক রবীন আহসান, উন্নয়নকর্মী জাকিয়া শিশির, কলামিস্ট ও অ্যাক্টিভিস্ট লীনা পারভিন, ব্লগার ও অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক, ফেরদাউস আহমেদ, শহীদুল ইসলাম সবুজ, ইফতেখার আহমেদ বাবু, সঙ্গীতা ঘোষ প্রমুখ।সাম্প্রতিক সময়ে রাজধানীতে মশার উপদ্রব বেড়ে গেছে।এডিস মশা চিকুনগুনিয়া ছড়াচ্ছে।
আইসিডিডিআর'বির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় প্রতি ১১ জনের মধ্যে একজন চিকুনগুনিয়ায় আক্রান্ত। এ রোগে আক্রান্তদের কাজের সক্ষমতাও কমে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।এতে নগরবাসীর মধ্যে চিকুনগুনিয়া-আতঙ্ক দেখা দিয়েছে।ঢাকা শহরের মশা নিধনের দায়িত্ব দুই সিটি করপোরেশনের।লাল কার্ড প্রদর্শন কর্মসূচির আয়োজকরা মনে করেন, এ দায়িত্ব পালনে দুই মেয়রই ব্যর্থ হয়েছেন।দুই মেয়রই ন্যূনতম দায়িয়ত্ব টুকুও পালন করেননি।এ কারণেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকে ‘লাল কার্ড দেখানো’র কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মশা মারতে দুই মেয়রের গাফিলতির অভিযোগ তোলেন।একই সঙ্গে তারা ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের বক্তব্য নিয়ে সমালোচনা করেন।
মেয়র আনিসুল হকের মন্তব্যের জবাবে বক্তারা বলেন, ‘ঘরে ঘরে মশারি টানাতে হবে না, ঢাকা শহরের মশা দূর করুন।এডিস মশা দিনেই কামড়ায়, ওই সময়ে কেউ মশারি টানিয়ে ঘুমায় না, কর্মস্থলে যায়।বক্তারা বলেন, ঢাকায় ভয়াবহ জলাবদ্ধতা ও মশার বিস্তার রোধে দুই মেয়র নির্বিকার।অথচ তাদের নির্বাচনী ইশতিহারে ছিল, তারা ঢাকাকে মশামুক্ত করবেন, জলাবদ্ধতা দূর করবেন।তাদের ওপর অর্পিত দায়িত্ব তারা পালন করছেন না। এতে মানুষ ভোগান্তিতে পড়ছে।সিটি করপোরেশনের ব্যর্থতায় নগরবাসী ক্ষুব্ধ ও বীতশ্রদ্ধ।জনসেবকের ভূমিকা পালনে ব্যর্থ হলে জনগণ আপনাদের মাঠ থেকে তাড়াতে বাধ্য হবে।লাল কার্ড প্রদর্শনের পরে দুই মেয়রের কিছুটা হলেও হুঁশ ফিরবে এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সচেস্ট হবেন মন্তব্য করে বক্তারা বলেন, ‘বৃষ্টি হলে রাজারবাগে নৌকা চলে, মতিঝিলে নৌকা চলে।আপনারা কি লজ্জিত নন?