
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকার ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত রোগে গত তিন দিনে আরো ৩৮ শিশু আক্রান্ত হয়েছে।আক্রান্তদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে আক্রান্তরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ১২ জুলাইয়ের পর থেকে গত তিন দিনে আরও ৩৮ শিশু আক্রান্ত হয়েছে অজ্ঞাত রোগে।এখন বিভিন্ন হাসপাতালে ৮৪ শিশু চিকিৎসাধীন আছে।তাদের মধ্যে ৫০ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিরা ফৌজদারহাট বিআইটিআইডিতে আছেন।তাদের সবারই অবস্থা ভালো।তারা ধীরে হলেও সবাই সুস্থতার পথে।
প্রসঙ্গত, গত জুন মাসের শেষের দিকে অজ্ঞাত রোগে আক্রান্ত হওয়া শুরু করে শিশুরা।এরপর স্থানীয়ভাবে ঝাঁড়ফুক ও তাবিজ-কবজের মাধ্যমে শিশুদের সারিয়ে তোলার চেষ্টায় ছিলেন ত্রিপুরা পাড়ার দরিদ্র শ্রমজীবী বাসিন্দারা।বিষয়টা জানাজানি হলে উন্নত চিকিৎসার আওতায় আগে শিশুরা।পরে ঢাকা থেকে আসা 'রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা' প্রতিষ্ঠানের চার সদস্যের কমিটি প্রাথমিকভাবে দীর্ঘদিনের অপুষ্টিকে চিহ্নিত করে গেছেন।রক্তশূন্যতা, অপুষ্টি ও শরীরে পটাশিয়ামের অভাবকে এ রোগের জন্য দায়ী করা হয়।