
নিউজ ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার রাতে জেএসডি নেতা আ স ম রবের উত্তরার বাসায় এক ‘চা-চক্র’ অনুষ্ঠানে রাজনীতিক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী,আবদুল কাদের সিদ্দিকী,মাহমুদুর রহমান মান্নাসহ কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেই অনুষ্ঠানে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে,তল্লাশি নয়,নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সেখানে পুলিশ গিয়েছিল। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক,গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী ও আ ও ম শফিউল্লাহ,বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও বজলুর রশীদ ফিরোজ,জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন,বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর পাশাপাশি নাগরিক সংগঠন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারও সেখানে ছিলেন বলে জানা গেছে।
বদিউল আলম মজুমদার বলেন,পুলিশ আসার পর রাত ১১টার দিকে তারা খাওয়া-দাওয়া সেরে যার যার মতো করে চলে যান। তিনি বলেন,হঠাৎ করে পুলিশ আসায় আমি বিস্মিত হয়েছি। একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে আমরা খাওয়া-দাওয়া করেছি। পুলিশ এসে বলেছে,সভা করতে হলে অনুমতি নিতে হবে,পুলিশকে আগে অবগত করতে হবে। এ বিষয়ে আ স ম আবদুর রব বলেন,ঈদ-উত্তর আমার বাসায় রাজনীতিকদের চা-চক্রের দাওয়াত দিয়েছি। ঘরে ভেতর চা-চক্র করতে পুলিশের অনুমতি লাগে না। এখানে পুলিশের কোনো বিষয় না। আমি পুলিশ কর্মকর্তাকে বলেছি,এখানে রাজনৈতিক কোনো বিষয় না। তোমরা এখন যাও। তারপরও তারা বাসার সামনে অবস্থান নিয়ে অতিথিদের প্রবেশে বাধা দেয়। তবে উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান জানান,আ স ম আবদুর রবের বাসায় অনেক লোকজন এসেছে শুনে পুলিশ পাঠানো হয়। তল্লাশির জন্য নয়। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে। সেখানে পুলিশ বাসার বাইরে অবস্থান নিয়েছিল। তল্লাশি চালানো হয়নি।