News71.com
 Bangladesh
 14 Jul 17, 11:17 AM
 151           
 0
 14 Jul 17, 11:17 AM

শ্রীলংকার প্রেসিডেন্ট সিরিসেনাকে লাল গালিচা অভ্যর্থনা,আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক।।

শ্রীলংকার প্রেসিডেন্ট সিরিসেনাকে লাল গালিচা অভ্যর্থনা,আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক।।

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তিনদিনের সরকারি সফরে গতকাল বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছালে তাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং সিনিয়র মন্ত্রীবৃন্দ শ্রীলংকার প্রেসিডেন্টকে ঊষ্ণ অভ্যর্থনা জানান।শ্রীলংকার নেতা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভিভিআইপিদের রাষ্ট্রীয় সম্মাননার অংশ হিসেবে ২১ বার তোপধ্বনির মাধ্যমে তাকে অভিবাদন জানানো হয়। শ্রীলংকান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে এখানে পৌঁছানোর পর দুই শিশু ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানায়। প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন।

এদিকে আজ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট সিরিসেনার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পরে কয়েকটি প্রধান খাত সংশ্লিষ্ট অনেকগুলো দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। শ্রীলংকার প্রেসিডেন্ট বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, এমসিসিআই এবং বিআইডিএ’র আয়োজনে বাংলাদেশ-শ্রীলংকা যৌথ ব্যবসায়িক সংলাপে যোগ দেবেন। আজ সন্ধ্যায় শ্রীলংকার প্রেসিডেন্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন, সেখানে তিনি রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশ নেবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। রীতি অনুযায়ী তিনি রাষ্ট্রপতির বাসভবনে ক্রেডেনসিয়াল হলে রক্ষিত পরিদর্শক বইয়ে স্বাক্ষর করবেন।

শ্রীলংকার প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি গতকাল বেলা সাড়ে এগারটায় বিমানবন্দরে অবতরণ করে। এ সময় অর্থমন্ত্রী এ এম এ মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে ছিলেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ শ্রীলংকার প্রেসিডেন্টকে অস্থায়ী মঞ্চে নিয়ে যান। সেখানে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি যৌথ চৌকস দল তাদের গার্ড-অব-অনার প্রদান করে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে শ্রীলংকার প্রেসিডেন্টকে প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

২০১৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর সিরিসেনার এটিই প্রথম বাংলাদেশ সফর। তবে কর্মকর্তারা জানান, সিরিসেনা এর আগে শ্রীলংকার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ২০১৩ ও ২০১৪ সালে বাংলাদেশ সফর করেছেন। তিনদিনের সফর শেষে আগামীকাল শনিবার দুপুর ১টায় কলম্বোর উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্রমন্ত্রী তাকে বিমানবন্দরে বিদায় জানাবেন।জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন: সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। গতকাল বিকালে তিনি জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে বীর শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ চত্বরে একটি নাগেশ্বরচাপা ফুল গাছের চারা রোপন করেন। এরপর তিনি সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এসময় শ্রীলংকান প্রেসিডেন্টের সফরসঙ্গী ও অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা :শ্রীলংকার প্রেসিডেন্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে নগরীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের উদ্দেশে বিকেল ৪টার দিকে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন। শ্রীলংকার প্রেসিডেন্ট জাদুঘর প্রাঙ্গণে পৌঁছলে সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টের প্রধান নির্বাহী মাশুর হোসেন ও জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান।সিরিসেনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বাংলাদেশের স্থপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে প্রেসিডেন্ট বঙ্গবন্ধুর নাতনী সায়মা ওয়াজেদের সঙ্গে জাদুঘরটি ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন