
নিউজ ডেস্কঃ ঝিনাইদহ শহরের পুরাতন হাট এলাকার জননী ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মনিরুজ্জামান নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে তিন মাসের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া ডায়াগনোস্টিক সেন্টারের মালিক সুধীর বিশ্বাসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মনিরুজ্জামান যশোর জেলার চৌগাছা উপজেলার কোমরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন হাটখোলা এলাকার জননী ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।এ সময় ভুয়া চিকিৎসক মনিরুজ্জামানকে আটক করা হয়।পরে আদালত বসিয়ে মনিজ্জামানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করাহয়।অনাদায়ে আরো ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।এ ছাড়া ডায়াগনোস্টিক সেন্টারের মালিক সুধীর বিশ্বাসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে জানিয়েছেন আদালতের বিচারক সোহেল সুলতান জুলকার নাইন কবির।ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা, চিকিৎসা কর্মকর্তা ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, ওষুধ তত্ত্বাবধায়ক নাজমুল হাসান, জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক খান মাসুদুর রহমান ও সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।