
নিউজ ডেস্কঃ সংসদের ষোড়শ (বাজেট) অধিবেশন সমাপ্ত হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশটি পড়ে শোনান। সরকার ও বিরোধী দলের সদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে ২৪ কার্যদিবসের এই অধিবেশন ছিলো প্রাণবন্ত। অধিবেশনে বাজেটের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে সরব ছিলেন সংসদ সদস্যরা। সাম্প্রতিক সময়ের সবথেকে আলোচিত এই অধিবেশন গত ৩০ মে শুরু হয়। পহেলা জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ,সময় এখন আমাদের’ শীর্ষক ৪ লাখ ২৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন। প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা গত ৭ জুন থেকে শুরু হয়।
গত ২৮ জুন সংসদ নেতা ও প্রধামন্ত্রী শেষ হাসিনার বক্তব্যের মধ্যে দিয়ে সাধারণ আলোচনা শেষ হয়। প্রায় সোয়া ৫৬ ঘণ্টার এই আলোচনায় সরকারি দলের ১৬৫ জন ও বিরোধী দলের ৪২ জন সদস্য অংশ নেন। আলোচিত এই অধিবেশনে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। এই অধিবেশনে ১৫টি সরকারি বিল পাওয়া যায়। যারমধ্যে ৭টি বিল পাস হয়েছে। অন্যগুলো বিবেচনাধীন রয়েছে। এছাড়া কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ১৯০টি নোটিশ পাওয়া যায়। এরমধ্যে ১২টি নোটিশ গৃহীত হয়। গৃহীত নোটিশের মধ্যে ৭টি নোটিশের ওপর আলোচনা হয়। এছাড়াও ৭১(ক) বিধিতে সংসদ সদস্যদের উত্থাপিত ৫৭ নোটিশ নিয়ে দু’মিনিট করে আলোচনা হয়।
অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দিনগুলোতে মোট ১৬৯টি প্রশ্ন পাওয়া যায়। এরমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭০টি প্রশ্নের উত্তর দিয়েছেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ২ হাজার ৮০৯টি প্রশ্ন পাওয়া যায়। এরমধ্যে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা এক হাজার ৯৩৮টি প্রশ্নের উত্তর দিয়েছেন। এছাড়া বিভিন্ন ইস্যুতে মন্ত্রীরা ৩০০ বিধিতে কয়েকটি বিবৃতি দিয়েছেন। অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর আগে স্পিকার অধিবেশন পরিচালনায় সহযোগিতার জন্য সংসদ সদস্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাঁচ জনের চার জন অনুপস্থিতঃ অধিবেশনের শেষ দিন আজ বৃহস্পতিবার ছিলো বেসরকারি সদস্য দিবস। এই দিনে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব ও বেসরকারি সদস্যদের বিল নিয়ে আলোচনা হয়। নির্ধারিত দিনে ৫টি সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে আলোচনা কথা থাকলেও শেষ একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। কারণ বাকী ৪জন সংসদ সদস্য অনুপস্থিত থাকায় প্রস্তাবগুলো উত্থাপন হয়নি। এরআগে প্রশ্নোত্তর পর্বেও নির্ধারিত কয়েকজন সংসদ সদস্য অনুপস্থিত থাকায় অন্যরা তাদের প্রশ্ন উত্থাপন করেন।