News71.com
 Bangladesh
 12 Jul 17, 10:31 PM
 157           
 0
 12 Jul 17, 10:31 PM

খুলনার ডুমুরিয়ায় ইউপি সদস্য ওয়াহাব আলী হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন।।

খুলনার ডুমুরিয়ায় ইউপি সদস্য ওয়াহাব আলী হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন।।

নিউজ ডেস্কঃ খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওয়াহাব আলী জোয়ার্দার হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও দু’ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। রায়ে চার্জশিটভুক্ত ৩৫ আসামির মধ্যে ২৯ জনকে বেকসুর খালাস দেয়া হয়। আজ বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ফেরাজ ওরফে ফিরোজতুল্লাহ আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের মৃত মজের শেখের ছেলে ফেরাজ ওরফে ফিরোজতুল্লাহ,একই গ্রামের মৃত অশ্বিনী মন্ডলের ছেলে প্রদীপ মণ্ডল,মহাদেব সরদারের ছেলে পূর্ণচরণ সরদার,লিচুখালি গ্রামের অনুকূল চন্দ্রের ছেলে রতন চন্দ্র এবং কদমতলা গ্রামের কালিপদের ছেলে সুজিৎ ওরফে সুলতান।

মামলার বিবরণে জানা গেছে,ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওয়াহাব আলী জোয়ার্দারকে ২০০৩ সালের ৪ নভেম্বর রমজান মাসে তারাবির সময় রাত পৌনে ৯টার দিকে ফেরাজ,শাহাদাত আলী, আরিজ উদ্দিন শেখ,দুলাল ও ছাত্তার মোড়লসহ অন্যরা গোপন কথা আছে- মর্মে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে যায়। তারা তাকে স্থানীয় কালিদাহ খালের পশ্চিম পাশে রামচন্দ্র প্রসাদের ঘেরের বাসার দক্ষিণ পাশে নিয়ে গুলি করে হত্যা করে। ডেকে নেয়ার ৩০-৪০ মিনিট পর স্বজনরা ৭-৮টি গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ ঘেরের পানির মধ্যে থেকে উদ্ধার করেন। এ ঘটনার দু’ দিন পর ৬ নভেম্বর নিহতের স্ত্রী হাসিনা বেগম ৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরো ১০-১২ জনকে আসামি করে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৪ সালের ১৬ জুন ডুমুরিয়া থানার এসআই মো. আবুল কাশেম ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২৬ জন স্বাক্ষীর মধ্যে ১৭ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন