News71.com
 Bangladesh
 12 Jul 17, 01:02 PM
 158           
 0
 12 Jul 17, 01:02 PM

চট্টগ্রাম মহানগরীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হবে।। পরিকল্পনা মন্ত্রী

চট্টগ্রাম মহানগরীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হবে।। পরিকল্পনা মন্ত্রী

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে।সরকারের নিজস্ব তহবিল হতে ৩ হাজার ২৫০ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালের মধ্যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষ্য রয়েছে।গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি অনুমোদ দেওয়া হয়েছে।রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা।সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুমোদিত প্রকল্পের বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। বৈঠকে জানানো হয়েছে, বর্তমানে চট্টগ্রাম শহরে প্রায় ৪০ লক্ষাধিক লোক বসবাস করছে এবং প্রতি বছর প্রায় ১ লাখ জনসংখ্যা নতুন করে যোগ হচ্ছে।ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে চট্টগ্রাম মহানগরীতে দিনদিন যানজট তীব্র হচ্ছে এবং গুরুত্বপূর্ণ জংশনগুলোতেও যানজট বৃদ্ধি পাচ্ছে।বন্দর নগরী চট্টগ্রামের এ ধরনের সমস্যা সমাধান এবং আন্তর্জাতিক মানের শহররূপে গড়ে তুলার লক্ষ্যে এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। বৈঠকে জানানো হয়েছে, এটি বাস্তবায়ন হলে চট্টগ্রাম শহর এলাকা ও এর দক্ষিণাঞ্চলের মধ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।চট্টগ্রাম শহর কেন্দ্রে ভ্রমণ দূরত্ব ও ভ্রমণ সময় হ্রাস পাবে।তাছাড়া বিমানবন্দরে যাতায়াত পথও সুগম হবে।

গতকাল একনেক বৈঠকে ৬ হাজার ৩৯৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।এর মধ্যে সরকারি তহবিল থেকে ৫ হাজার ৯০০ কোটি টাকা, বাস্তবায়নকারী সংস্থা হতে ৫৭ কোটি ৩ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৪৩০ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ের লক্ষ্য রয়েছে।পরিকল্পনামন্ত্রী বলেন, গত ২০১৬-১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৯০ ভাগ বাস্তবায়িত হয়েছে। শতাংশের অংকে কম হলেও টাকার অংকে সর্বোচ্চ এডিপি বাস্তবায়ন হয়েছে।গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন বিষয়ক একটি প্রকল্প উপস্থাপন করা হলে সেটি অনুমোদন না দিয়ে ফেরত দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনামন্ত্রী জানান, কেরানীগঞ্জ ও ঢাকায় বিচ্ছিন্নভাবে না করে সমন্বিতভাবে বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।এজন্য শিগগিরই জমি খুঁজতে হবে।যত টাকা লাগে তা দেওয়া হবে।এছাড়া নদী ড্রেজিং এ ভারতের সঙ্গে যৌথ নদী কমিশন আলোচনা করে ভারতের কাছ থেকে টাকা নেওয়া যায় কি না, তা ভাবতে হবে।সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো— ৮৬৫ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়ক উন্নয়ন প্রকল্প (পাঁচদোনা-ডাঙ্গা-ইসলামপুর খেয়াঘাট অংশসহ), ৭৬ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে জামালপুর জেলার তিনটি পৌরসভায় পানি সরবরাহ ও এনভায়রমেন্টাল স্যানিটেশন ব্যবস্থার উন্নতীকরণ প্রকল্প, ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ পাওয়ার সিস্টেম রিলায়েবিলিটি এন্ড ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রকল্প

৫০০ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে নরসিংদী জেলার অন্তর্ভুক্ত আড়িয়াল খাঁ নদী, হাড়িদোয়া নদী, ব্রহ্মপুত্র নদ, পাহাড়িয়া নদী, মেঘনা শাখা নদী ও পুরাতন ব্রহ্মপুত্র শাখা নদ পুনঃখনন প্রকল্প, ৪৬৬ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে সীমান্ত নদী তীর সংরক্ষণ ও উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্প, ৩৩৮ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে কৃষি শুমারি ২০১৮ প্রকল্প, ১০১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে পাইকগাছা কৃষি কলেজ স্থাপন, খুলনা (১ম সংশোধিত) প্রকল্প এবং ২১২ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসেন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, দিনাজপুর ও রংপুরের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন