News71.com
 Bangladesh
 12 Jul 17, 10:13 AM
 168           
 0
 12 Jul 17, 10:13 AM

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করল যুবলীগ নেতা

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করল যুবলীগ নেতা


নিউজ ডেস্কঃ গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ঠাকুরগাঁও শহরের রোড মুন্সিরহাট এলাকায় যুবলীগ নেতার ছুরির আঘাতে স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান (২৭) খুন হয়েছেন। এ ঘটনায় জুম্মন খান (২৬) নামে ছাত্রলীগের সাবেক এক নেতা আহত হয়েছেন। মান্নান শহরের ইসলামনগর এলাকার মৃত তসির উদ্দীনের ছেলে। জুম্মন শহরের আশ্রমপাড়া এলাকার মুকুলের ছেলে। হত্যাকাণ্ডে অভিযুক্ত সজীব দত্ত সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। সে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরের ছোট ভাই এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটোর চাচাতো ভাই।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান জানান,মান্নান ও তার দুই বন্ধু মোটরসাইকেলে চড়ে শহরের দিকে আসছিল। পথে মুন্সিরহাটে যুবলীগ নেতা সজীব দত্ত তাদের থামায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে সজীব ধারালো অস্ত্র দিয়ে মান্নান ও জুম্মনকে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে মান্নান মারা যান। জানা যায়,এক সপ্তাহ আগে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে রোড এলাকায় সজীবের সঙ্গে মান্নানের হাতাহাতি হয়। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সজীব তার সহযোগীদের নিয়ে এদিন মান্নানের ওপর হামলা চালায়। এদিকে মান্নানের লাশ ও আহত জুম্মনকে দেখতে হাসপাতালে আসেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো: আব্দুল আওয়াল ও পুলিশ সুপার ফারহাত আহমেদ। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে মান্নানের স্বজনদের আশ্বাস দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন