
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের চাওয়া অনুযায়ী রাজধানীতে নিখোঁজ হওয়া ২৫ নেতাকর্মীর একটি তালিকা প্রকাশ করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই তালিকা প্রকাশ করেন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হীরু,দলের নির্বাহী কমিটির সদস্য চৌধুরী আলম, বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজ, তেজগাঁও ছাত্রদল সভাপতি আমিনুল ইসলাম জাকির, তেজগাঁও বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন, তাঁর খালাতো ভাই জাহিদুল করিম (তানভীর), পূব নাখালপাড়ার আবদুল কাদের ভুঁইয়া (মাসুম), পশ্চিম নাখালপাড়ার মাজহারুল ইসলাম (রাসেল), মুগদাপাড়ার আসাদুজ্জামান (রানা), উত্তর বাড্ডার আল আমিন, বিমানবন্দর থানা ছাত্রদল নেতা এ এম আদনান চৌধুরী ও কাওসার আহমেদ, সবুজবাগ থানা ছাত্রদল সভাপতি মাহাবুব হাসান, খালিদ হাসান (সোহেল), সম্রাট মোল্লা, জহিরুল ইসলাম (হাবিবুল বাশার জহির), পারভেজ হোসেন, মো. সোহেল, মো. সোহেল চঞ্চল, নিজামউদ্দিন মুন্না, তরিকুল ইসলাম ঝন্টু, কাজী ফরহাদ, সেলিম রেজা পিন্টু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন কুসুম।
রিজভী বলেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুম ও নিখোঁজ হওয়া মানুষের খোঁজ পান না। নির্বিচারে কালবৈশাখীর গর্জনের মতো আওয়ামী নেতারা যখন অবলীলায় মিথ্যা কথা বলে যাচ্ছেন এবং বলছেন তালিকার কথা, তখন আমি শুধু ঢাকা শহরের একটি অতিসংক্ষিপ্ত তালিকা তাঁর কাছে উপস্থাপন করলাম। অন্যান্য রাজনৈতিক দল ও পেশার মানুষের কথা না-ই বা বললাম। এর সঙ্গে অন্যান্য মানবাধিকার সংস্থা যে তালিকা দিয়েছে,তা প্রকাশ করতে অনেক সময় লাগবে বলে আর দিলাম না। রিজভী জানান,২০১৩ সালের নভেম্বর থেকে গত বছরের ডিসেম্বরের মধ্যে কেবল ঢাকা মহানগরীর বিভিন্ন স্থান ও পার্শ্ববর্তী জেলা থেকে কমপক্ষে ৫০ জনকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়। গুম হওয়া ব্যক্তিদের বেশির ভাগই বিএনপি বা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের থেকে পাওয়া তথ্য মতে, ২০১৩ থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ৪৩৫ জন গুম হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত কমিশনার বিএনপি নেতা হান্নান মিয়া হান্নু, ফয়সল সরকার, সফিউদ্দিন শফি, তানভীর আহম্মেদ, মো. শহীদ ও অলোককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে প্রেরণের নিন্দা জানান রিজভী। ফরহাদ মজহারের অপহরণ ঘটনা নিয়ে নাটক বানানোর ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের নেতা আবদুস সালাম, মজিবর রহমান সরোয়ার, হাবিব-উন-নবী খান সোহেল, নজরুল ইসলাম মঞ্জু, আজিজুল বারী হেলাল, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, আবদুল আউয়াল খান, মাহবুবুল হক নান্নু, সেলিমুজ্জামান সেলিম, গাজীপুর জেলার সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।