
নিউজ ডেস্কঃ খাগড়াছড়ির মানিকছড়িতে আজ মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে রামগড় থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির সন্দেহজনক সিটি সার্ভিস বাসকে ব্যারিকেড দিতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল আরিফ ও মহিদ নামে দুই যুবকের।এ ঘটনায় আহত ২জন।এদিকে একাধিক ব্যারিকেড ভেঙ্গে ঘাতক বাসটি চলে যেতে সক্ষম হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে রামগড় সড়ক দিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে বেপরোয়া গতির সন্দেহজনক সিটি সার্ভিস বাসকে আটকাতে (ব্যারিকেড) এগিয়ে এলেন জালিয়াপাড়ার মো: আরিফ হোসেন (৩০), মো: মহিদুল ইসলাম (৩৫) ও মো: জামাল হোসেন (২৫)। তারা জালিয়াপাড়া থেকে বাসের পিছু নিয়ে মানিকছড়ি এসে সরকারি হাই স্কুল গেইটে (চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক) অবস্থান নেয় এবং মোটরসাইকেল ও একাধিক টোল-টেবিল দিয়ে ব্যারিকেড দেয়।কিন্তু সন্দেহজনক ওই ঘাতক বাসচালক এসব ব্যারিকেট ভেঙ্গে মোটরসাইকেলসহ ৩ যুবককে টেনে-হিঁচড়ে ৫০ গজ দূরে নিয়ে ফেলে চলে যায়।
খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে এসে প্রথমে আহতদের মানিকছড়ি হাসপাতালে আনলে চিকিৎসকরা দু’জনকে মৃত্যু ঘোষণা করেন এবং অপর জনকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।এছাড়া বাসটিকে ব্যারিকেড দিতে গাড়ীটানা টোল কেন্দ্র ও ফটিকছড়ি থানায় খবর দেন।কিন্তু কেউই বাসটিকে আটকাতে পারেনি।বাসের বেপরোয়া গতিতে গাড়ীটানা টোল কেন্দ্রের বাঁশ ছিড়ে মো: মিল্টন খাঁন নামক এক যুবক আহত হয়।বাসের বেপরোয়া গতিতে জনমনে সন্দেহ বাড়ছে যে, ওই বাসে কী ছিল?পাহাড়ের নিরাপত্তা বেষ্টনি ভেঙ্গে কিভাবে বাসটি অনায়াসে সমতলে পৌঁছল।মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো: মাইন উদ্দীন খাঁন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং লাশ দু’টি সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন এবং দুমড়ে-মুচড়ে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যান।মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো: মাইন উদ্দীন খাঁন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পুলিশ খবর পেয়ে ভোর ৪.১০ মিনিটে সরজমিনে আসে এবং বেপরোয়া বাসটি আটকাতে ফটিকছড়ি থানা পুলিশকে অবহিত করেন।কিন্তু কেউই বাসটিকে আটকাতে পারেনি।পুলিশ দু’টি লাশ উদ্ধার করেছে এবং আহতকে চমেক হাসপাতালে প্রেরণ করেছে।