
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন,বাংলাদেশ এবং চীনের মধ্যে দীর্ঘদিন যাবৎ চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। তিনি বলেন,দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শিক্ষাক্ষেত্রেও পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আজ বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে চীনের ইউনান আর্টস ইউনিভার্সিটির ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক চেন ইয়ানপিংয়ের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাতকালে এ কথা বলেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন,অধ্যাপক জি কুন,অধ্যাপক তাং উন,মিয়াউ শিয়ানজিয়ান,ইয়াং ঝাউ এবং মং মং শু। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনসহ অনুষদের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ইউনান আর্টস ইউনিভার্সিটির মধ্যে সঙ্গীত নৃত্য ও চারুকলা বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় নিয়েও মত বিনিময় হয়। ইউনান আর্টস ইউনিভার্সিটির ভাইস-প্রেসিডেন্ট চীনে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীদের বৃত্তি প্রদানে আগ্রহ প্রকাশ করেন। এসব বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও তারা ঐকমত্যে পৌঁছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে চীনা প্রতিনিধি দলকে অবহিত করেন।