
নিউজ ডেস্কঃ জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় যৌতুকের জন্য নাছিমা(২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে নিহতের স্বামী সোবহান ও পরিবারের সদস্যরা। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার খড়মা গ্রামে এ ঘটনাটি ঘটে। এ বিষয়ে নাছিমার প্রতিবন্ধী বাবা নায়েব আলী জানান,জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি পূর্বপাড়া গ্রামের প্রতিবন্ধী নায়েব আলী আজ থেকে তিন বছর আগে তার কন্যা নাছিমাকে বিয়ে দেন দেওয়ানগঞ্জ উপজেলার খড়মা গ্রামের মো: খট্টুর এর পুত্র মো: সোবহানের কাছে। বিয়ে দেওয়ার সময় তিনি তার জামাতাকে বিয়ের পূর্বে ধার্য্যকৃত ৪০ হাজার টাকার মধ্য ৩০ হাজার টাকা নগদ পরিশোধ করেন। বাকি ১০ হাজার টাকা আজও দিতে পারেননি। এজন্য নাছিমাকে মাঝে মধ্যেই শ্বশুর বাড়িতে শারীরিক নির্যাতন করতো তারই স্বামী সোবহান ও শ্বশুর বাড়ির লোকজন। অবশেষে গতকাল রবিবার রাতে নাসিমাকে পিটিয়ে হত্যা করে পাষণ্ড স্বামী মো: সোবহান ও পরিবারের সদস্যরা। এ ছাড়াও ওই হত্যা ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়ার আগেই স্বামী সোবহান নিহতের মুখে বিষ ঢেলে দিয়ে নাছিমা আত্নহত্যা করেছে বলে প্রচার করে। এ খবর পেয়ে দেওয়ানগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান,নিহত নাসিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে বিষের গন্ধ পাওয়া গেছে। এদিকে নিহতের বড় বোন লাভলি বেগম অভিযোগ করে বলেন,নাছিমাকে তার শ্বশুর বাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে। নাছিমা মৃত্যুর বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে নিহত নাছিমার মুখে বিষ ঢেলে দিয়ে সে আত্নহত্যা করেছে বলে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও জানান,তাদের বাবা পঙ্গু ও দরিদ্র হওয়ায় টাকা দিতে না পারায় পুলিশ হত্যা মামলা না নিয়ে অপমৃত্যু মামলা করে নিহতের স্বজনদের তাড়িয়ে দিয়েছে।