
নিউজ ডেস্কঃ ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন,মোংলা বন্দরের উন্নয়নে কাজ করবে ভারত। ভারত সরকার সাফল্যের সঙ্গে খুলনা-মোংলা রেললাইন স্থাপনের কাজ করছে। খুব শিগগির খুলনায় একটি ভারতীয় সহকারী হাই কমিশন চালু হচ্ছে এবং দক্ষতা বৃদ্ধির একটি প্রতিষ্ঠানও খুলনায় তৈরি করা হচ্ছে। আজ সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউস মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের অধ্যায়নরত শিক্ষার্থী সন্তানদের মধ্যে ভারতীয় সরকার কর্তৃক শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হর্ষ বর্ধন শ্রিংলা বলেন,নগরীর খালিশপুরে কলেজিয়েট বালিকা বিদ্যালয়ে নতুন ভবন স্থাপনের জন্য খুলনা সিটি কর্পোরেশনকে ১২ কোটি টাকা সহায়তা দেয়া হয়েছে। এ ছাড়া এপ্রিল মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরকালে দু দেশের প্রধানমন্ত্রী খুলনা-কলকাতা সরাসরি ট্রেন ও বাস সেবা উদ্বোধন করেছেন। তিনি বলেন,ভারত সরকার ২০০৬ সালে মুক্তিযোদ্ধাদের উত্তরসূরীদের জন্য মুক্তিযোদ্ধা স্কলারশিপ স্কিম চালু করে। এ প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১০ হাজারের বেশি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে;যার আর্থিক মূল্যমান ১৫ কোটি টাকা।এ বছর ছয়শতরও বেশি স্নাতক পর্যায়ের শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের পাঁচটি বিভাগের ৫৭০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।