
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের দরিদ্র মেধাবী ছাত্র মো. এনামুল হকের শিক্ষার ভার গ্রহণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল, সহ সভাপতি নিয়ামুল হাসান তাজ এবং শহীদ সালাম বরকত হলের সাবেক ছাত্র এ.টি.এম রেজাউল হক। গত ৮ জুলাই ২০১৭ তারিখ শনিবার “দৈনিক জনকন্ঠ” পত্রিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের গরীব মেধাবী শিক্ষার্থী এনামুলকে নিয়ে ” টাকার অভাবে জাবি শিক্ষার্থীর লেখাপড়া বন্ধের পথে” শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদন প্রকাশের পর এনামুলের বিষয়টি নজরে আসে সকলের।
মো. এনামুল হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী। জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল এনামুলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। জাবি শাখা ছাত্রলীগের সহ সভাপতি নিয়ামুল হাসান তাজ এনামুলের টিউশন ফি এবং হাত খরচের ব্যয়ভার গ্রহণ করেছেন। শহীদ সালাম বরকত হলের সাবেক ছাত্র এ.টি.এম রেজাউল হক দেহলবী এনামুলের টিউশনি এবং একাডেমিক খরচ সহ তার জন্য জামা কাপড় এর ব্যবস্থা করবেন বলে এনামুলকে আশ্বস্ত করেছেন। এছাড়াও শহীদ সালাম বরকত হল ছাত্রলীগের নেতৃবৃন্দ মো. এনামুল হকের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। জাবি শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দের এ মানবিকতার বিষয়টি প্রশাংসা কুঁড়িয়েছে জাবিসহ সর্বস্তরের মানুষের কাছে। এদিকে মো. এনামুল হক সহযোগিতার জন্য সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।