
নিউজ ডেস্কঃ ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ মানিকগঞ্জ জেলা শাখা বিভিন্ন দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে। আজ সোমবার বেলা ১১টায় শহীদ রফিক সড়কে মানববন্ধনে আংশ নেন হরিজন সম্প্রদায়ের নারী ও পুরুষরা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি রিপন জমাদার,সাধারণ সম্পাদক মেঘলাল চৌধুরী,মহিলা শাখার সাধারণ সম্পাদক রানী হরিজন,ও সদস্য জোসনা হরিজন।
বক্তারা প্রত্যেক সিটি করপোরেশন ও পৌরসভায় হরিজনদের স্থানীয় নিয়োগ,সর্বনিম্ন বেতন ১০ হাজার টাকা,হরিজনদের আবাসন ব্যবস্থা,সিদ্ধান্ত গ্রহণে হরিজনদের সম্পৃক্ততার দাবি জানান। তারা বলেন,পরিচ্ছন্নকর্মী পদের সংরক্ষিত ৮০ শতাংশ কোটায় অযৌক্তিক কিছু শর্ত আরোপ করে হরিজনদের নিয়োগ বঞ্চিত করা হচ্ছে। সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হরিজন শিক্ষার্থীদের এক শতাংশ কোটা থাকলেও তার বাস্তবায়ন করা হচ্ছে না। শিক্ষিত হওয়ার পরও হরিজন সম্প্রদায়ের ছেলে-মেয়েরা চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। বক্তারা বলেন,বাংলাদেশ সংবিধানে জাতি,ধর্ম,বর্ণ,গোত্র ভেদে কোনো নাগরিকের প্রতি বৈষম্য না করার অঙ্গিকার করা হয়েছে। অথচ হরিজনরা সকল ক্ষেত্রে এবং সব সময় বৈষম্যের শিকার হয়ে মানবাধিকার মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে। মানববন্ধন শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।