
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন ও প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা: জয়নাল আবেদীনসহ ৮ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষের নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। আজ রবিববার বিকেলে সদর হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। তবে আটককৃতরা সবাই আহত ছিলেন।
জানা গেছে,জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের রূপচরা গ্রামে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের কয়েকজন সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। খবর পেয়ে প্রতিপক্ষের লোকজন হাসপাতালে জড়ো হয়। এক পর্যায়ে আজাদ মানিক ও সহিদ আলম ভূঁইয়াদের লোকজন ফের সংঘর্ষে জড়ায়। এ সময় সদর হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।
হাসপাতালের কর্তব্যরত জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার জয়নাল আবেদীন জানান,হাসপাতালে বিবি হাজেরাসহ ৫ জন চিকিৎসা নিতে আসেন। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। লক্ষ্মীপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় জন্য উভয় পক্ষের ১০ জনকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।