
নিউজ ডেস্কঃ বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল রবিবার সংসদে বলেন,ঢাকা শহরে ধূলি দূষণের পরিমাণ পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ এর মানমাত্রা অপেক্ষা তিনগুণেরও বেশি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল রবিবার সংসদে ১৬তম অধিবেশনে বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। মন্ত্রী আরো বলেন,নদী দূষণ রোধে নৌ পরিবহন মন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের প্রধানদের সমন্বয়ে একটি ট্রাস্কফোর্স গঠন করা হয়েছে।
চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন,ঢাকা শহরে ধূলি দূষণের পরিমাণ পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ এর মানমাত্রা অপেক্ষা তিনগুণেরও বেশি। এই বায়ু দূষণের মাত্রা ও এর উৎস চিহ্নিত করতে সুইডেনের একটি গবেষণা প্রতিষ্ঠানের সহায়তায় পরিবেশ অধিদফতর একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়,শুষ্ক মৌসুমে ঢাকা শহরে ধূলি দূষণের মাত্রা অত্যধিক। গবেষণার ফলাফল অনুযায়ী,ঢাকা শহরের এই ধূলি দূষণের অন্যতম উৎস হলো ঢাকার পার্শ্ববর্তী বিদ্যমান ইটভাটা (৫৮ শতাংশ),খোলা অবস্থায় নির্মাণ কার্যক্রম পরিচালনা (১৮ শতাংশ) ও যানবাহন (১০ শতাংশ)।