
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি হিসাবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমির হোসেন। তিনি অর্থনীতি বিভাগের অধ্যাপক। এছাড়া কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। তিনি ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক। নতুন নিয়োগপ্রাপ্ত প্রো ভিসি আমির হোসেন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমি অত্যন্ত খুশি। আমি মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে গতিশীল রাখা এবং আধুনিক বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয় চার বছরের জন্য তাদের এই দুটি পদে নিয়োগের আদেশ জারি করে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগেই এসব নিয়োগ বাতিল করতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে। অধ্যাপক ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়টির ভিসি এবং অধ্যাপক মো. আবুল হোসেন প্রো ভিসির দায়িত্বে আছেন। বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম অনুযায়ী আরেকজন প্রো ভিসি নিয়োগ দিল সরকার। কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা অধ্যাপক আবুল খায়েরের মেয়াদ গত ১৯ জুন শেষ হয়।