
নিউজ ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন।দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১২জন।আজ রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার মকবুলের দোকান এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।তবে নিহত দুই নারীর বয়স আনুমানিক ৩০ ও ৩৫ বছর এবং শিশুটির বয়স আনুমানিক এক বছর।
আহতদের মধ্যে ৮ জনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- রাজবাড়ী জেলা সদরের মাটিপাড়া এলাকার তপন (৩০),তৌফিক (২৫),কাজীকান্দা এলাকার আপন (৬০), ফরিদপুর জেলার কানাইপুরের রফিক (১৭),যশোর জেলার মুদার হোসেন (৪০),সমীর (২৮),হায়দার (৪০)ও মাধব (৪০)।আহতদের মধ্যে একজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১১ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী দোকানদার শামসুল হক ও রাজু জানান,খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের (ঢাকা মেট্রো-ব- ১৪-৭৮৭৭)বাসটি মকবুলের দোকান এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট- ১৪-৪৫১২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় ট্রাকটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং বাসটি ট্রাকের পিছনে থাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কার্ভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো-উ- ১৪-০২৬৬) সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী দুই নারী ও এক শিশু মারা যায় এবং আহত হন ১২জন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা স্পীড ব্রেকারের দাবিতে দুই ঘন্টা মহাসড়ক অবোরধ করেন রাখেন।এসময় মহাসড়কের দুইপাশে যানহবানের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের শান্ত করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।