
নিউজ ডেস্কঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারকার্গো থেকে আমদানি নিষিদ্ধ দুটি ওয়ালথার পিপি পিস্তল জব্দ করা হয়েছে।রোববার দিনব্যাপী এক অপারেশনে এ পিস্তল দুটি জব্দ করে শুল্ক গোয়েন্দা।জব্দ পিস্তল দুটির মডেল ওয়ালথার পিপি ক্যালিবার ৭.৬৫ এম এম (.৩২ অটো) (নম্বর ১৮১৭০৯পি, ৩০৯২৫৫পি)।প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কাস্টমস নেটওয়ার্কসমূহের মধ্যে ৩ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৩৩ দিনব্যাপী ‘অপারেশন আইরিন-২’ এর অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, শুল্ক গোয়েন্দাদের কাছে গোপন সংবাদ ছিল যে, ইতালি থেকে আসা অস্ত্রের এই চালানটিতে আমদানি নিষিদ্ধ পুরনো ও ব্যবহৃত অস্ত্র হিসেবে আমদানি করা হলেও এটি সুকৌশলে খালাস নেওয়া হবে।এরপরই এয়ারকার্গো ইউনিটের ১নং স্ট্রংরুমে রক্ষিত আগ্নেয়াস্ত্রগুলো পরীক্ষা করা হয়।এসময় শুল্ক গোয়েন্দার এয়ারফ্রেইট দল, কাস্টম হাউস ঢাকার প্রতিনিধি, র্যা ব ও অন্যান্য গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আটকের পরে শুল্ক গোয়েন্দা দল অন্যান্য গোয়েন্দা সংস্থার অস্ত্র বিশেষজ্ঞের উপস্থিতিতে এগুলো পরীক্ষা করে দ্য কাস্টমস অ্যাক্ট ১৯৬৯-এর ধারা ১৬৮ এর ক্ষমতাবলে পিস্তল ২টি জব্দ করে।