News71.com
 Bangladesh
 09 Jul 17, 12:54 PM
 168           
 0
 09 Jul 17, 12:54 PM

দুদিনের অভিযানে ডিএনসিসির ৩৭ একর জমি উদ্ধার।।

দুদিনের অভিযানে ডিএনসিসির ৩৭ একর জমি উদ্ধার।।

নিউজ ডেস্কঃ রাজধানীর সদরঘাট-গাবতলী বেড়িবাঁধ সড়কের উভয় পাশে পরিচালিত দুই দিনের উচ্ছেদ অভিযানে ৩৭ একর জমি দখলমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ।গতকাল শনিবার ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮৯ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অবিভক্ত সিটি করপোরেশনকে ৫২ একর জমির মালিকানা হস্তান্তর করে। পরে যা বিভিন্ন প্রতিষ্ঠানের দখলে চলে যায়।

কয়েক মাস আগে ডিএনসিসির সম্পত্তি বিভাগ এসব জমি উদ্ধারের পরিকল্পনা নেওয়ার পর শুরু হয় সীমানা নির্ধারণের কাজ। এরপর গত শুক্রবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রামচন্দ্রপুর স্লুইসগেট এলাকা থেকে প্রথম দিনের উচ্ছেদ অভিযান শুরু করেন। এ দিনের অভিযানে প্রায় ১২ একর জমি উদ্ধার হয়। আর গতকাল শনিবারের অভিযানে উদ্ধার করা জমির পরিমাণ ২৫ একরের মতো। এই দুই দিনের অভিযানে ৫০০ অস্থায়ী টিনের ঘর, ৫০টি স্থায়ী দোকান, ইট-বালুর আড়ৎসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুরো ৫২ একর জমি উদ্ধারের পর এখানে একটি অ্যাসফল্ট প্ল্যান্ট ও কেন্দ্রীয় পরিবহন ওয়ার্কশপ নির্মাণের পরিকল্পনা রয়েছে ডিএনসিসির।গতকালের অভিযানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, মহাব্যবস্থাপক (পরিবহন) লে. কর্নেল এম এম সাবের সুলতান, অঞ্চল ৪-এর নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন