
নিউজ ডেস্কঃ ঢাকা থেকে চাঁদপুরের মতলবগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে গেলে যাত্রীদের বাঁচাতে এগিয়ে এসেছিলেন দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের কনস্টেবল মো. পারভেজ মিয়া। গত শুক্রবার সকালে ঘটা মতলব এক্সপ্রেস নামের বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। ংকুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গৌরীপুর বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। বাসের ৪০ জন যাত্রীর মধ্যে ২৬ জনকে তিনি নিজে উদ্ধার করেন। এর মধ্যে শিশু ছিল।
বাসটি যে ডোবায় পড়েছিল, তা ছিল ময়লায় ভর্তি, পচা গন্ধের। দুর্ঘটনার সময় বিকট শব্দ শুনে অনেকে সেখানে এলেও শুরুতে পানিতে নামার সাহস দেখাননি অনেকেই।পারভেজ মিয়া লাফিয়ে নেমে পড়েন। হাতে ইট নিয়ে প্রথমে বাসটির জানালার কাচ ভাঙেন। এরপর ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার শুরু করেন। ডোবার পানিতে ডুবে থাকা বাসের ভেতরে প্রবেশ করেন। মতলব দক্ষিণ উপজেলার বাখরপাড়া গ্রামের ফারুক মিয়া ও রিনা আক্তারের ছেলে রাইয়ান (৩ মাস), রাইয়ানের ভাই রিহাব (৪), বোন ফারজানা (৭), সুমাইয়া (৮) ও সোনিয়াকে (১০) উদ্ধার করেন।
পারভেজ মিয়ার সাহসিকতা দেখে স্থানীয় অনেকেই যাত্রীদের উদ্ধার করতে ডোবার পানিতে নেমে পড়েন। শেষে ফায়ার সার্ভিসের লোকজন এসে যাত্রীদের উদ্ধার শুরু করেন।পারভেজ মিয়া বলেন, ‘দুর্ঘটনার পরপর বিপদে পড়া লোকদের বাঁচাতে এগিয়ে যাই। নিজের কথা চিন্তা করিনি। সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। বাসের ৪০ জন যাত্রীর মধ্যে ২৬ জনকে একা বের করে এনেছি। বাসের কাচে হাত কেটেছে। তবে নিজের যাই হোক যাত্রীদের বাঁচাতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।
দুর্ঘটনার শিকার বাসের যাত্রী মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর গ্রামের বিউটি আক্তার বলেন, ‘বাসটি পানিতে পড়ে যাওয়ার পর মনে হয়েছে এই বুঝি শেষ। বাঁচতে পারব না। ঠিক সেই মুহূর্তে পুলিশ কনস্টেবল আমাদের উদ্ধার করেন। তাঁর কথা জীবনেও ভুলতে পারব না।প্রত্যক্ষদর্শীরা বলেন, বাসটি ডোবায় পড়ার সঙ্গে সঙ্গে পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া ডোবার ময়লা, পচা ও দুর্গন্ধযুক্ত পানিতে লাফিয়ে নেমে পড়েন। প্রথমে বাসের জানালার গ্লাসগুলো ভেঙে ফেলেন। তিন মাসের এক শিশুসহ পাঁচ শিশুকে উদ্ধার করেন শুরুতেই। তাঁর সাহসিকতার জন্যই বাসের ৪০ যাত্রী মৃত্যুর হাত থেকে রক্ষা পান।
পুলিশ কনস্টেবল মো. পারভেজ মিয়া দুর্ঘটনায় পড়া বাসযাত্রীদের উদ্ধারে পচা ডোবায় ঝাঁপিয়ে পড়েন।স্থানীয় অনেকেই বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ার সঙ্গে সঙ্গে পারভেজ যেভাবে পানিতে ঝাঁপিয়ে পড়ে যাত্রীদের উদ্ধার করলেন, তা সত্যিই প্রশংসনীয়। দুর্ঘটনার সময় অনেকেই মুঠোফোনে পারভেজসহ দুর্ঘটনাস্থলের ছবি তোলেন।দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পারভেজ মিয়ার কর্তব্যপরায়ণতা হাইওয়ে পুলিশকে গর্বিত করেছে। তাঁর সাহসিকতায় কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ ১০ হাজার টাকা ও পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।মো. পারভেজ মিয়ার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেনদী গ্রামে। ২০১৬ সালের আগস্ট মাসে পুলিশের চাকরিতে যোগ দেন তিনি।