
নিউজ ডেস্কঃ ভারতের ত্রিপুরার পাশাপাশি মিজোরামের সঙ্গেও বাংলাদেশের নদী সেতু যোগাযোগ স্থাপিত হচ্ছে। দক্ষিণ ত্রিপুরার সাব্রুম আর চট্টগ্রামের রামগড়ের মধ্যে ফেনী নদীর ওপর সেতু নির্মাণ প্রক্রিয়া অনেকটা এগিয়ে যাওয়ার পর মিজোরামেও নদী সেতু নির্মাণে সম্মত হয়েছে ভারত ও বাংলাদেশ। বহুদিন ধরেই বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উন্নতি চাইছে ছোট্ট পাহাড়ি রাজ্য মিজোরাম। রাজ্যে উৎপাদিত বাঁশ,আদা,কাঁচা মরিচ ছাড়াও বিভিন্ন ধরনের সবজি রপ্তানিতে আগ্রহী মিজোরাম। বিনিময়ে তারা বাংলাদেশ থেকে নির্মাণসামগ্রীসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস আমদানি করতে চায়। সঙ্গে চায় চট্টগ্রাম বন্দরও ব্যবহার করতে। নৌপথে যোগাযোগের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কাপ্তাই বাঁধ। তাই নদীর ওপর সেতু নির্মাণ করে সড়কপথেই বাংলাদেশের সঙ্গে নতুন করে যোগাযোগ স্থাপন করতে চায় ভারতীয় এই ছোট্ট রাজ্যটি।
মিজোরামের প্রস্তাব,রাজধানী আইজল থেকে ৩৩২ কিলোমিটার দূরে মামিট জেলার ডেমাগিরিতে খাউতলাংতুইপুই নদীর ওপর ইন্দো-বাংলাদেশ সেতু নির্মাণ করতে। ডেমাগিরির উল্টো পাশে রাঙামাটি স্থলবন্দর। এই সেতু নির্মিত হলে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের উন্নতির পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সুবিধাও নিতে পারবে মিজোরাম। এ লক্ষ্যে গতকাল শুক্রবার মিজোরামের তলাবুংয়ে ভারত ও বাংলাদেশ যৌথ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। আজ শনিবার প্রস্তাবিত সেতুর জায়গাও পরিদর্শন করেন উভয় দেশের প্রতিনিধিরা। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের সড়ক ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব রওশন আরা খানম।
আজ শনিবার ডেমাগিরিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রওশন আরা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু নির্মাণকে আগেই অনুমোদন দিয়েছেন। সে লক্ষ্যেই আমরা এগোচ্ছি। একই সঙ্গে তাঁর দাবি,এই সেতু উভয় পারের মানুষদের মেলবন্ধনে সহায়ক হবে। সেই সঙ্গে বাড়াবে ব্যবসায়িক শ্রীবৃদ্ধিও। মিজোরামের শিল্প ও বাণিজ্য দপ্তরের কর্মকর্তা জে মিং থানওয়ালা সাংবাদিকদের বলেন,মিজোরামের উন্নয়নের স্বার্থেই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক জরুরি। ব্যবসায়িক ও সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে বন্ধুত্ব বাড়াতে হবে। মানুষের সঙ্গে মানুষের মিলনের ক্ষেত্রে প্রস্তাবিত সেতু সেতুবন্ধের কাজ করবে। পাহাড়ি রাজ্য মিজোরামের সঙ্গে বাংলাদেশের ৩১৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। একমাত্র স্থলবন্দরটি রয়েছে ভারতের ডেমাগিরি এবং বাংলাদেশের রাঙামাটি সীমান্তে।