News71.com
 Bangladesh
 08 Jul 17, 07:43 PM
 171           
 0
 08 Jul 17, 07:43 PM

দাবি না মানলে ২২ আগস্ট থেকে সিএনজি অটোরিক্সা শ্রমিকদের ধর্মঘট।।

দাবি না মানলে ২২ আগস্ট থেকে সিএনজি অটোরিক্সা শ্রমিকদের ধর্মঘট।।

নিউজ ডেস্কঃ সরকারি নির্দেশ অমান্য করে ৯০০ টাকার অতিরিক্ত দৈনিক জমা আদায়কারী সিএনজি অটোরিক্সা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ঢাকা সিএনজি অটোরিক্সা শ্রমিক সমন্বয় পরিষদ। একইসাথে ঢাকা ও পার্শ্ববর্তী গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার নিবন্ধনকৃত সিএনজি ঢাকা মহানগরীতে চলাচল বন্ধসহ ১০ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। আগামী ২১ আগস্টের মধ্যে দাবি না মানলে পরদিন থেকে লাগাতার ধর্মঘট পালনেরও হুঁশিয়ারী দিয়েছে তারা।আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।


এতে লিখিত বক্তব্যে পরিষদের সদস্য সচিব মোহাম্মদ হানিফ খোকন বলেন, সরকার সিএনজিচালিত অটোরিক্সার দৈনিক জমা ৯০০ টাকা নির্ধারণ করলেও মালিকরা দুই শিফটে চালিয়ে ১২০০ থেকে ১৪০০ টাকা আদায় করছে। এ কারণে চালকরা ইচ্ছা থাকা স্বত্ত্বেও মিটারে চালাতে পারছেন না। এজন্য সন্ধ্যার সময় সিএনজি অটোরিক্সা গ্যারেজে মোবাইল কোর্ট পরিচালনার আহবান জানান তিনি।খোকন আরো বলেন, মোটরযান আইন অনুসারে নিবন্ধনসহ সিএনজি অটোরিক্সা বিক্রির বিধান থাকার পরও আমদানীকারকরা নিবন্ধন ছাড়াই দেশে প্রায় দুই লাখ সিএনজি অটোরিক্সা বিক্রি করেছে। কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে সড়কে চলার সময় নিবন্ধনবিহীন অটোরিক্সার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এছাড়া মহাসড়কেও চলতে দিচ্ছে না। এতে ক্ষুদ্র পুঁজির মালিকরা অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে।


সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরীতে বসবাসকারী থ্রি-হুইলার লাইসেন্সধারীদের মধ্যে অতিরিক্ত পাঁচ হাজার সিএনজি অটোরিক্সা বিতরণের ব্যবস্থা করা, মহাসড়কে অটোরিক্সা চলার সুযোগ দেয়া, ট্রাফিক সার্জেন্টদের হয়রানি ও অর্থ বাণিজ্য বন্ধসহ ১০ দফা দাবি তুলে ধরে দাবিগুলো ২১ আগস্টের মধ্যে বাস্তবায়নের আহবান জানানো হয়। অন্যথায় ২২ আগস্ট সকাল থেকে রাজধানীতে লাগাতার অটোরিক্সা ধর্মঘট পালন করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের আহবায়ক জাকির হোসেন, যুগ্ম-আহবায়ক সরদার মোহাম্মদ সোবহান, শেখ মোহাম্মদ জাকির হোসেন, সদস্য রমজান আলী ভুট্টো, আব্দুল মান্নান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন